কোস্টগার্ডকে তিনটি টহল জাহাজ হস্তান্তর করল খুলনা শিপইয়ার্ড

খুলনা শিপইয়ার্ড নির্মিত তিনটি ইনশোর প্যাট্রোল ভেসেল (আইপিভি) বা উপকূলবর্তী টহল জাহাজ, দুইটি হাইস্পিড বোট (ফেরি) ও দুইটি হাইস্পিড বোট (ডাইভিং) বাংলাদেশ কোস্টগার্ড বাহিনীর কাছে হস্তান্তর (কিল লেয়িং) করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার খুলনা শিপইয়ার্ড প্রাঙ্গণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তাফা কামাল উদ্দীন এ প্যাট্রোল ভ্যাসেল হস্তান্তর করেন।

অনুষ্ঠানে মোস্তাফা কামাল উদ্দীন বলেন, এক সময়ের লাভজনক প্রতিষ্ঠান খুলনা শিপইয়ার্ড রুগ্ন শিল্পে পরিণত হয়। ১৯৯৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুলনা শিপইয়ার্ডকে নৌবাহিনীর হাতে তুলে দেওয়ার যুগান্তকারী সিদ্ধান্ত নেন। দক্ষ ব্যবস্থাপনায় প্রতিষ্ঠানটি আজ ফের লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল এম আশরাফুল হক । অনুষ্ঠানে স্বাগত জানান খুলনা শিপইয়ার্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কমডোর আনিছুর রহমান মোল্লা।