আইনের শাসনের মাধ্যমেই নুসরাত হত্যার বিচার হবে বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)। বৃহস্পতিবার দুপুরে যুগ্ম সচিব পদোন্নতিপ্রাপ্ত নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রাব্বী মিয়ার বিদায় উপলক্ষে রূপগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
এসময় মন্ত্রী আরো বলেন, খালেদা জিয়ার জামিনের বিষয়ে রাজনৈতিক কোনো সম্পৃক্ততা নেই, প্রচলিত আইনের মাধ্যমেই খালেদা জিয়ার জামিন হয়েছে। এছাড়া দেশে আইনের শাসন আছে বলেই নুসরাত হত্যার ঘটনায় ওসি মোয়াজ্জেমকে গ্রেফতার করা হয়েছে এবং বিচারিক কাজ চলছে। সুতরাং বর্তমান সরকারের আমলে দেশে আইনের সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে।
সদ্য পদোন্নতিপ্রাপ্ত জেলা প্রশাসক রাব্বী মিয়া বলেন, মানুষের ঘরে জন্ম নিলেই মানুষ হওয়া যায় না, প্রয়োজন মনুষত্ববোধ। প্রতিটি সন্তানকে তার বাবা-মাকে ভালোবাসতে হবে এবং সম্মান করতে হবে। আর বাবা-মাকে ভালোবাসলে ও সম্মান দিলেই সমাজ বিকশিত হবে।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাজাহান ভুঁইয়া, তারাবো পৌরসভার মেয়র হাসিনা গাজী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম, রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি লায়ন মীর আব্দুল আলীম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসি আলম নীলা প্রমুখ।