ঢাকাসহ দেশের তিন স্থানে অভিযান চালিয়েছে দুদক। রক্ষণাবেক্ষণের লোক নিয়োগ না দেওয়ার কারণে সংস্কারের এক মাসের মাথায় পুরনো ঢাকার বংশালের শহীদ বুদ্ধিজীবী খালেক সর্দার পার্কটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দুদকের কাছে অভিযোগ আসে। এর প্রেক্ষিতে দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ রাশেদুল ইসলামের নেতৃত্বে একটি এনফোর্সমেন্ট টিম গতকাল অভিযান চালায়। অভিযানকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং উক্ত অঞ্চলের নির্বাহী প্রকৌশলীর সাথে অভিযোগের বিষয়ে আলোচনা করে দুদক টিম। পরবর্তীতে ডিএসসিসি ও দুদকের সমন্বিত টিম সরেজমিনে পার্কটি পরিদর্শন করেন। এ অবস্থার উত্তরণে অবিলম্বে রক্ষণাবেক্ষণের জন্য লোক নিয়োগের সুপারিশ প্রদান করে দুদক টিম।
এদিকে দিনাজপুর জেলার বিরল উপজেলার কামদেবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং ব্যবস্থাপনা কমিটির সভাপতি কর্তৃক অর্থ আত্মসাতের অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুদক। দুদকের দিনাজপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আহসানুল কবির পলাশ এর নেতৃত্বে গতকাল এ অভিযান চালানো হয়। দুদক টিম বিদ্যালয়ের আর্থিক নথিসমূহ যাচাই করে প্রাথমিকভাবে জানতে পারে, উক্ত বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ আলী এবং প্রধান শিক্ষক মোহাম্মদ সেলিম রিজার্ভ ফান্ডের এক লাখ সাতাশ হাজার দুইশত পঞ্চাশ টাকা অবৈধভাবে উত্তোলনপূর্বক আত্মসাত্ করেছেন। এ সংক্রান্ত তথ্যাবলি সংগ্রহপূর্বক এ অনিয়মের বিষয়ে টিম কমিশনে বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।
অপরদিকে যশোর জেলা কারাগারে নানাবিধ অনিয়মের অভিযোগে দুদকের উপ-পরিচালক মোঃ নাজমুচ্ছায়াদাত এর নেতৃত্বে একটি টিম গতকাল অভিযান চালায়। অভিযানকালে টিম জানতে পারে, উক্ত কারাগারে কোন স্থায়ী ডাক্তার নেই। কারাগারে কর্মরত সরকারি ফার্মাসিস্ট হাজতিদের মেডিকেল বোর্ডের ট্রান্সফার নিয়ন্ত্রণ করেন।