আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, এতিমের টাকা চুরির দায়ে বিচারিক আদালত খালেদা জিয়াকে পাঁচ বছর সাজা দিয়েছে এবং হাইকোর্ট ওই সাজা বাড়িয়ে ১০ বছর করেছে। এখন আইন তার নিজস্ব গতিতে চলবে। আইনের গতি কোথায় গিয়ে দাঁড়ায় দেখা যাক। ভোলার জেলা ও দায়রা জজ ফেরদৌস আহমেদের সভাপতিত্বে চরফ্যাশন উপজেলায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। দেশের কোনো উপজেলা শহরে এই প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত চালু হলো।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় আইনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের কথা বলেন। জনগণের কষ্ট বোঝেন। তিনি তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত সকল মানুষের মুখে হাসি ফোটাতে চান। ন্যায্য দাবি উপস্থাপন করা হলে তিনি কখনোই সেটা ফিরিয়ে দেন না। মা যেভাবে সন্তান মানুষ করে প্রত্যেকটা বাঙালিকে তিনি সেভাবে মানুষ করার চেষ্টা করছেন।
তিনি বলেন, শেখ হাসিনা বাংলাদেশকে আজকে সারা বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত করে তুলেছেন। স্বাধীনতার পর একটি কুচক্রী মহল বাংলাদেশের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলেছিল। একজন মহাজ্ঞানী বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি আখ্যা দিয়েছিলেন এবং এটাকে প্রতিষ্ঠিত করার জন্য বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছিল।
অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হকসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তৃতা করেন।