জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার নথি হাইকোর্টে পৌঁছেছে। গতকাল বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৫ থেকে বিশেষ নিরাপত্তায় এই নথি হাইকোর্টের ফৌজদারি আপিল শাখায় পাঠানো হয়। এদিকে নথি আসায় রবিবার হাইকোর্টে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন চেয়ে আবেদন করা হবে। বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চে জামিন আবেদনটি পেশ করা হবে বলে জানিয়েছেন খালেদা জিয়ার আইনজীবী সগীর হোসেন লিয়ন। তিনি বলেন, নথি এসেছে। জামিন চেয়ে আগামী সপ্তাহে আবেদন করব।
গত বছরের ২৯ অক্টোবর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই দণ্ড দেওয়া হয় তাঁর সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীসহ আরো তিনজনকে। ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর দেওয়া এই রায়ের বিরুদ্ধে আপিল করেন খালেদা জিয়া। পাশাপাশি জামিন চেয়ে আবেদন দেন। গত ৩০ এপ্রিল বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ঐ আপিল শুনানির জন্য গ্রহণ করেন। একইসঙ্গে মামলার নথি দুই মাসের মধ্যে হাইকোর্টে প্রেরণের জন্য বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. মো. আখতারুজ্জামানকে নির্দেশ দেওয়া হয়। আদালত বলে, নথি আসা সাপেক্ষে জামিন আবেদন শোনা হবে। দুই মাস শেষ হওয়ার আগেই গতকাল নথি হাইকোর্টে আসে।
প্রসঙ্গত, দুটি দুর্নীতির মামলায় ১৭ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত হয়ে কারাবন্দি আছেন বিএনপি চেয়ারপারসন। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত হয়ে ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি কারাগারে যান তিনি। পরবর্তীকালে হাইকোর্ট এই মামলায় তাঁর সাজা ৫ বছরের পরিবর্তে দশ বছর করে দেয়। এই সাজার বিরুদ্ধে তাঁর আপিল সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারাধীন।