দুই দলের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে পশ্চিমবঙ্গের ভাটপাড়া। দুই দলের মধ্যে সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে ৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে ১৫ জন, এর মধ্যে ১০ জন পুলিশ। বেশ কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। পরিস্থিতি পর্যালোচনায় জরুরি বৈঠকে বসেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। যদিও পুলিশ এখনো ৩ জন নিহত হওয়ার কথা স্বীকার করেনি।
স্থানীয়রা জানিয়েছেন, তৃণমূলের সাবেক নেতা অর্জুন সিং বিজেপিতে যোগ দিয়ে এমপি হওয়ার পর থেকে এলাকা দখল নিয়ে বিরোধ শুরু হয। গতকাল বৃহস্পতিবার সকালে কাঁকিনাড়ার চার এবং পাঁচ নম্বর রেলওয়ে সাইডিং থেকে সংঘর্ষ শুরু হয়ে আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। শুরু হয় বোমাবাজি, গোলাগুলি। পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে এবং ফাঁকা গুলি চালিয়ে সাময়িকভাবে দুষ্কৃতদের ঠেকানোর চেষ্টা করে। এক সময়ে পুলিশের সামনেই গুলি চলে। পরিস্থিতি মোকাবিলায় এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
গত কয়েকদিনের ঘটনার প্রেক্ষিতে ভাটপাড়ায় নতুন থানা খুলে উদ্বোধনের কথা ছিল গতকাল। মমতার সঙ্গে বৈঠকের পর স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ভাটপাড়ায় অশান্তির নেপথ্যে রয়েছে বহিরাগতরা। সক্রিয় হয়ে উঠেছে স্থানীয় সমাজ বিরোধীরা। কড়া হাতে পরিস্থিতি মোকাবিলা করছে সরকার। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী। পুলিশের গুলিতে প্রাণহানির ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন বারাকপুরের বিজেপি থেকে নির্বাচিত সংসদ সদস্য অর্জুন সিং। পরিস্থিতি খতিয়ে দেখতে ভাটপাড়ায় যাচ্ছে বিজেপি কেন্দ্রীয় প্রতিনিধি দল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে রিপোর্ট দেবেন প্রতিনিধি দলের সদস্যরা।