আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের তৃতীয় দিন সকালে মাঠে নেমেছে বাংলাদেশ। সকাল থেকে লাঞ্চ বিরতিতে যাওয়ার আগ পর্যন্ত এদিন বাংলাদেশের প্রাপ্তি বলতে ১টি মাত্র উইকেট। আগেরদিন বিকেলে ৪ উইকেটে তুলে নিয়ে আইরিশদের ইনিংস ব্যবধানে হারের শঙ্কায় ফেলেছিলো টাইগার বোলাররা। তবে আজ সকালে আইরিশ ব্যাটারদের তেমন কোন বিপদে ফেলতে পারেনি তারা। মাত্র ১ উইকেট খুইয়েই লাঞ্চে গেছে সফরকারীরা। লাঞ্চের আগে আইরিশদের সংগ্রহ ৫ উইকেটে ৯৩ রান। ইনিংস হার এড়াতে এখনও প্রয়োজন ৬২ রান।
মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১০টায় তৃতীয় দিনের খেলায় মাঠে নামে দুই দল। প্রথম ইনিংসে আয়ারল্যান্ডের ২১৪ রানের জবাবে দ্বিতীয় দিন ৩৬৯ রানে নিজেদের প্রথম ইনিংস শেষ করে বাংলাদেশ। দ্বিতীয় দিন বিকেলের সেশনে ব্যাটিংয়ে নেমে টাইগার বোলারদের তোপের মুখে পড়ে আইরিশ ব্যাটাররা। ২৭ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে ফেলে তারা। ৬ উইকেট হাতে নিয়ে ১২৮ রানে পিছিয়ে ছিলো আইরিশরা।
আজ সকালে শুরুর দিকে বেশ সাবধানী ব্যাটিং করেনে আগেরদিনের দুই অপরাজিত ব্যাটসম্যান হ্যারি টেক্টর এবং পিটার মুর। প্রায় ঘন্টাখানেক ধরে উইকেট আকড়ে পড়ে থাকলেও শরিফুল ইসলাম বোলিংয়ে এসে নিজের দ্বিতীয় ওভারেই পিটার মুরকে হারিয়ে আইরিশদের বড় একটা ধাক্কা দেয়। ১৬ রানে মুরকে উইকেটের পেছনে লিটন দাসের ক্যাচ বানান শরিফুল।
৫১ রানের মাথাতেই চতুর্থ উইকেট হারিয়ে ইনিগস ব্যবধানে হারের শঙ্কা আরও বাড়ে আইরিশদের। তবে সেখান থেকে দলকে টেনে নিয়ে যান হ্যারি টেক্টর আর লরকান টাকার। ষষ্ঠ উইকেট জুটিতে দুজন মিলে অবিচ্ছিন্ন ৪২ রানের জুটি গড়ে তৃতীয় দিনের প্রথম সেশন শেষ করে। লাঞ্চের আগে টেক্টর অপরাজিত আছেন ৪৩ রানে আর টাকার ২৪ রানে। বাংলাদেশের থেকে এখনো ৬২ রান পিছিয়ে থেকে লাঞ্চে গেছে আইরিশরা।