খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার সরকারের সমালোচনাকারী বিএনপি দলীয় এমপিদের উদ্দেশে বলেছেন, ‘আপনারা এই সরকারকে অবৈধ বলেন, এই সংসদে বক্তব্য দেন, নিজের জন্য প্লট চান, নিজের এলাকার উন্নয়ন চান, আবার এই সংসদকে অবৈধ বলেন, বাজে কথা বলেন। মানুষ বুঝে গেছে আপনারা চোর ছিলেন, যার জন্য দৌড়ে পালিয়েছেন, যার জন্য আন্দোলন করতে পারেন না, মাঠে নামতে পারেন না। মাঠে নামার শক্তি আপনাদের নেই।’ গতকাল বৃহস্পতিবার সংসদে ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
এদিকে গতকাল সংসদে টেবিলে উপস্থাপিত প্রশ্নোত্তরে সংরক্ষিত মহিলা আসনে জাপার সদস্য সালমা ইসলামের একটি লিখিত প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী সংসদকে জানান, খাদ্যশস্য সংরক্ষণের জন্য সারাদেশে আরো ১৭০টি খাদ্যগুদাম ও ২০০টি সাইলো নির্মাণ করা হচ্ছে।