গেল কয়েক আসর ধরে দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এবং মোস্তাফিজুর রহমান ছাড়া সচরাচর বাংলাদেশি ক্রিকেটারদের কেউই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএলে) দল পায় না। আর যারাও পায় তাদেরও ফ্র্যাঞ্চাইজিগুলো পায় না আসরের শুরু থেকে। কারণ দেশের খেলা থাকলে তাদের বোর্ড হতে এনওসি দেওয়া হয়নি। এ ঘটনার ব্যতিক্রম হয়নি এবারও। এ নিয়ে আলোচনাও কম হয়নি।
তবে গতকাল শুক্রবার (৭ এপ্রিল) বাংলাদেশ-আয়ারল্যান্ডের টেস্ট ম্যাচ শেষে বিষয়টি পরিষ্কার করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। বলেছেন তারা তাদের জায়গা থেকে আইপিএলে চাওয়া অনুযায়ী তথ্য দিয়েছেন। আর বাংলাদেশিদের দলে নেওয়ার আগেই নাকি আইপিএল কর্তৃপক্ষ জানত বাংলাদেশি খেলোয়াড়রা থাকবে না কয়েকটি ম্যাচে।
গতকাল আয়ারল্যান্ডের বিপক্ষে টাইগারদের টেস্ট জয়ের পর সংবাদ সম্মেলনে কথা বলেন বিসিবি সভাপতি। এ সময় সাকিব-লিটনদের আইপিএলে শুরু থেকে যেতে না দেওয়ার প্রসঙ্গে বিসিবি বস বলেন, ‘টেস্টে অধিনায়ক, সহ-অধিনায়ক দুই জনকেই ছেড়ে দিবেন? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু। আমি একটা কথা বলেছিলাম আপনাদেরকে-এর আগে জিজ্ঞেস করেছিলেন, না খেলে ওখানে গিয়ে বসে থাকা তার থেকে দেশের জন্য খেলাটা কি ভালো না?
তিনি আরও বলেন, ‘আমাদের সঙ্গে এটা নিয়ে কোনো দ্বিধা নেই। লিটন-সাকিবকে তো ছাড়া আছেই, ছাড়লাম না কখন। প্রায়ই এই কথাটা শুনছি আজ থেকে তিন আগে মানে আইপিএল শুরু হওয়ার তিন মাস আগে সেই কর্তৃপক্ষ আমাদের সঙ্গে যোগাযোগ করে আমি আবার বলছি আপনাদের এই জায়গাটায় কনফিউশন হওয়ার কোনো সুযোগ নেই।
এ সময় আইপিএলের সঙ্গে বিসিবির হওয়া যোগাযোগ এবং খেলোয়াড়দের নিলামে নেওয়ার পুরো প্রক্রিয়া পরিষ্কার করে পাপন বলেন, ‘আমাদের কাছে চেয়েছে কতগুলো খেলোয়াড়ের নাম দিয়ে এইখানে যেই কয়টা খেলোয়াড় নিয়েছে এর বাইরেও ছিল কিন্তু এবং বলেছে ওরা কখন কখন এভেইলেবল। সে সময় আমরা প্রতিটি খেলোয়াড়ের পাশে ডেট দিয়ে লিখে দিয়েছি ওরা কখন কখন এভেইলেবল ঠিক আছে...।’
পাপন আরো বলেন, ‘উদাহরণস্বরূপ সাকিব এবং লিটন দাস এরা দুই জন প্রায় এখানে দুটো ম্যাচ ওখানে তিনটা ম্যাচ পাঁচটা ম্যাচ মিস করবে তারা। তো এই পাঁচটা ম্যাচ মিস করবে জেনেই তারা তাদেরকে কিন্তু নিয়েছে। একটু বিষয়টি ক্লিয়ার থাকেন। তো এই পাঁচটা ম্যাচের জন্য যে ওদের নেয় নেই এমন কিছু না। যদি এই পাঁচটাসহ নিত তাহলে ডেফেনেটলি তাদের দামটা আরো বেশি থাকত। এবং এখনো বিষয়টি তাই আছে। সমস্যাটা হচ্ছে কি এমন কোনো ব্যাপার হয়নি যে আমরা কখনো আইপিএলে যেটা বলেছি সেটা করেনি বা খেলোয়াড়দের যে বলেছি সেটা করিনি বা কোনো পরিবর্তন হয়েছে। এছাড়া আইপিএলও কখনো আমাদের সঙ্গে যোগাযোগ করেনি সময়টা কি বদলানো যায় কি না। আলাপই তো হয়নি। কোথাও কোনো ফাঁক নেই।’
ভারতে চলমান আইপিএলের ষোলতম আসরে দল পেয়েছে তিন বাংলাদেশি ক্রিকেটার। তাদের মধ্যে লিটন দাস দল পেয়েছে প্রথম বারের মতো। তার খেলার কথা ছিল সাকিব আল হাসানের সঙ্গে কলকাতা নাইট রাইডার্সের হয়ে। তবে সাকিব আইপিএল থেকে নিজেকে সরিয়ে নেওয়ায় লিটনকে একাই খেলতে যেতে হবে আইপিএলে। এছাড়া সাদা পোশাকে না খেলায় ইতিমধ্যেই আইপিএলের দল দিল্লি ক্যাপিটালসে যোগ দিয়েছেন মুস্তাফিজুর রহমান।