কোপা আমেরিকায় খেলতে এসে প্রথম ম্যাচেই চিলির কাছে বিধ্বস্ত হয় এশিয়ার প্রতিনিধি জাপান। ওই ম্যাচে হার ৪-০ গোলে। অনেকে ধরে নিয়েছিল উরুগুয়ের বিপক্ষে গ্রুপের দ্বিতীয় ম্যাচেও হারতে চলেছে জাপান। কিন্তু পোর্তো অ্যালেগ্রেতে হারার বদলে উল্টো সবাইকে চমকে দিল। শক্তিশালী উরুগুয়ের বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছেড়েছে তারা।
শুক্রবার (২১ জুন) বাংলাদেশ সময় ভোরে কোপা আমেরিকায় গ্রুপ ‘সি’ এর ম্যাচে টুর্নামেন্টের সর্বোচ্চ শিরোপাধারী উরুগুয়েকে বিপক্ষে ২-২ গোলে ড্র করে জাপান। দুইবার এগিয়ে যেয়েও পূর্ণ ৩ পয়েন্ট পাওয়া হয়নি তাদের।
২৫ মিনিটে ম্যাচে প্রথম গোলের দেখা মেলে। মিডফিল্ডার গাকু শিবাসাকির পাসে দুরহ কোণ থেকে ডান পায়ের কিকে গোল করেন জাপানকে এগিয়ে দেন কোজি মিয়োশি। কিন্তু ৭ মিনিটেই খেলা সমতায় ফেরে। ডি-বক্সের ভেতর এডিনসন কাভানিকে প্রতিপক্ষ খেলোয়াড় ফাউল করায় উরুগুয়ে পক্ষে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে গোল করতে ভুল করেন বার্সা স্ট্রাইকার লুইস সুয়ারেজ। প্রথমার্ধে আর গোল না হওয়ায় ১-১ গোলের সমতা নিয়েই টানেলে ফেরে জাপান-উরুগুয়ে।
আরও পড়ুন: ব্রিটেনে প্রধানমন্ত্রী পদে চূড়ান্ত লড়াইয়ে বরিস ও হান্ট
বিরতির পর ফের লা সেলেস্তেদের বিপক্ষে লিড নেয় ব্লু সামুরাইরা। এবারও গোলদাতা সেই কোজি মিয়াশো। ৫৯ মিনিটে বাঁ-পায়ে নেয়া ফ্রি-কিক থেকে ম্যাচে নিজের দ্বিতীয় গোল করেন এই মিডফিল্ডার। তবে সেই লিড ফের ৭ মিনিটের বেশি ধরে রাখতে পারেনি কাওয়াশিমা, শিবাসাকিরা। হারের শঙ্কায় মধ্যে থাকা উরুগুয়েকে এবার ম্যাচে ফেরান হোসে জিমেনেজ। শেষে আর কোনো গোল না হওয়ায় ড্র নিয়ে মাঠ ছাড়ে দু'দল।
এ ড্রয়ে এখনো শেষ আটে পৌঁছাবার আশা জিইয়ে রাখল জাপান। অন্যদিকে ১ পয়েন্ট পেয়ে চিলিকে টপকে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে এলো উরুগুয়ে। তাদের কোয়ার্টার অনেকটাই নিশ্চিত এখন।
ইত্তেফাক/বিএএফ