শহীদ চান্দু স্টেডিয়ামের ভেন্যু বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ভেন্যু বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার (৮ এপ্রিল) বেলা দেড়টার দিকে বিসিবির পরিচালক ও গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুবুল আনাম এ ঘোষণা দেন। বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু বিষয়টি নিশ্চিত করেছেন। 

বিসিবির পরিচালক মাহবুবুল আনাম বলেন, শহীদ চান্দু স্টেডিয়ামে ক্রিকেট ভেন্যু পুনর্বহালের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। এ ছাড়া বিমানবন্দরের সমস্যা সমাধান করতে পারলে দ্রুতই এ ভেন্যুতে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করা সম্ভব।

রাগেবুল আহসান রিপু বলেন, শহীদ চান্দু স্টেডিয়ামে ভেন্যু বহালের পাশাপাশি কাছাকাছি সময়ে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন এবং খেলোয়াড়দের অনুশীলনের জন্য নতুন একটি একটি ক্রিকেট মাঠ নির্মাণে দ্রুত জায়গা দেখতে বলেছে বিসিবি। নিজস্ব অর্থায়নে বিসিবি এই ক্রিকেট মাঠ নির্মাণ করবে।

জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম তার অফিসিয়াল ফেসবুক পেজে বলেছেন, সকলের ঐকান্তিক প্রচেষ্টায় বগুড়া শহীদ চান্দু স্টেডিয়াম বিসিবির ভেন্যু হিসেবে বহাল থাকলো। 

ছবি: সংগৃহীত

২০০৬ সালের জানুয়ারিতে আন্তর্জাতিক ভেন্যুর মর্যাদা পায় বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম। পরের মাসেই শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক অভিষেক হয় স্টেডিয়ামটির। কিন্তু ওই বছরের ডিসেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসনে চলে যায় স্টেডিয়ামটি। ২০০৬ সালের পর থেকে এখানে কোনো আন্তর্জাতিক ম্যাচ হয়নি। 

এ বছরের ২ মার্চ জেলা ক্রীড়া সংস্থার সঙ্গে বিরোধে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) কাছে স্টেডিয়ামটি হস্তান্তরের সিদ্ধান্ত নেয় বিসিবি। এনএসসি সচিবকে পাঠানো বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। ওই দিনই স্টেডিয়ামে কর্মরত বিসিবির ১৭ কর্মকর্তা-কর্মচারীকে প্রত্যাহার করে বদলি করা হয়। এছাড়া স্টেডিয়ামে যাবতীয় সরঞ্জাম এবং আসবাবপত্র ঢাকায় নিয়ে যায় বিসিবি।