মাঠের সাম্প্রতিক পারফরম্যান্সে এমনিতেই ছন্দহীন টাইগ্রেসরা, এবার সামনে এল ফিটনেস সংকটের কথা।জাতীয় দলের ক্রিকেটারদের ফিটনেসে বেশ ঘাটতি রয়েছে বলে স্পষ্ট জানিয়েছেন নারী দলের সাবেক প্রধান কোচ সারোয়ার ইমরান।
নতুন অধিনায়ককে নেতৃত্বে রেখে দল ঘোষণা হয়েছে বাংলাদেশ নারী দলের। আইসিসি উইমেন্স ইমার্জিং নেশনস ট্রফির নেতৃত্ব দেবেন নাহিদা আক্তার। সংযুক্ত আরব আমিরাতের মাটিতে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। এরই মধ্যে ভেন্যুতে পৌঁছে গেছে বাংলাদেশের মেয়েরা।
কোচ সারোয়ার ইমরান গণমাধ্যমকে বলেন, ‘নারী দলের ক্রিকেটারদের ফিটনেসে ঘাটতি রয়েছে। তাদেরকে এটা নিয়ে আমি অনেক সময় সচেতন হতে বলেছি, যে কারণে তারা রাগও করেছে। উল্টো বলেছে আমার ব্যবহার খারাপ। ফিটনেস নিয়ে সবসময় আমি সচেতনতার কথা বলেছি।’
এদিকে নারী ক্রিকেটারদের ফিটনেসে এবার আরও কঠোর হতে যাচ্ছে বিসিবি। ছেলেদের মতো মেয়েদেরও সব ধরনের পরীক্ষা দিয়েই পাস করতে হবে। নারী বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, এখন থেকে ফিটনেসে আরো মনোযোগ দেওয়া হবে। ছেলেরা যেভাবে পাস করে মেয়েদের ক্ষেত্রেও একই। ফিটনেসে যে দুর্বলতা রয়েছে এটার জন্যই এমনটা। টুর্নামেন্টের আগে এখন থেকে ফিটনেস পরীক্ষা হবে।
