বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা আগামী বুধবার (১২ এপ্রিল) থেকে চৌকি বিছিয়ে ব্যবসা শুরু করতে পারবেন বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস।
রোববার (৯ এপ্রিল) বিকালে নগর ভবনে সংশ্লিষ্ট ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
ফজলে নূর তাপস বলেন, আমরা আগামীকাল (সোমবার) সকাল থেকে পরিষ্কার কার্যক্রম শুরু করবো। যাতে করে আগামী ১-২ দিনের মধ্যে সেখানে ব্যবসা পরিচালনার পরিবেশ সৃষ্টি হয়। এরই মাঝে তালিকা প্রণয়ন শুরু হলেও এখনো পূর্ণাঙ্গ তালিকা প্রণয়ন করা যায়নি। আমরা আশা করছি আগামীকালের মধ্যে পূর্ণাঙ্গ তালিকার সম্পন্ন হবে।
ব্যবসায়ীদের পুনর্বাসনের জন্য সকল মহল থেকেই আমরা ইতিবাচক সাড়া পাওয়া গেছে উল্লেখ করে তিনি বলেন, এরই মধ্যে ২ কোটি টাকা তহবিলে জমা হয়েছে। আগামী মঙ্গলবার সিটি করপোরেশনে সভা অনুষ্ঠিত হবে। সেখানে আমরাও সিদ্ধান্ত নেবো। আমরাও এই তহবিলে অংশগ্রহণ করবো।
ক্ষতিগ্রস্তদের সহায়তায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে মেয়র বলেন, আমরা সকলের কাছে আবেদন করছি মানবিক দিক বিবেচনা করে, এত সংখ্যক ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবনযাপন বিবেচনা করে সকলেই যেন এগিয়ে আসে। এই তহবিলে যেন অংশগ্রহণ করে। এটা যেহেতু রমজান মাস, তাই মানবতার খাতিরে সকলেই যেন এগিয়ে আসে।