আইপিএলে খেলতে যাওয়াকে বড় সুযোগ বললেন লিটন

প্রথমবারের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশের স্টাইলিশ ওপেনার লিটন কুমার দাস। তাকে দলে ভিড়িয়েছে বলিউড সুপারস্টার শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স। তবে দলের সঙ্গে আসরের শুরু থেকেই যোগ দিতে পারেননি লিটন। দেশের মাটিতে আইরিশদের বিপক্ষে খেলা থাকায় তা শেষ করেই যেতে হচ্ছে তাকে। গতকাল কলকাতার উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এ ডানহাতি উইকেটরক্ষক ব্যাটার।

বিমানবন্দরে নিজের অনুভূতি প্রকাশ করে সাংবাদিকদের লিটন বলেন, ‘এটা আমার জন্য একটা বড় সুযোগ বলে আমি মনে করি। এরকম একটা ইভেন্টে কখনো যেতে পারিনি, প্রথমবার আমার জন্য। অবশ্যই ভালো লাগার, আমি খুশি।’

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই আগ্রাসী ভূমিকায় উইকেটে তার ব্যাট চালিয়ে যাচ্ছেন লিটন। তার এমন পারফরম্যান্সই তাকে সহায়তা করেছেন আইপিএলের মত টুর্নামেন্টে দল পেতে। এ বিষয়ে লিটন বলেন, ‘সংস্করণ যে রকমই হোক, আমার ব্যাটিংয়ের সঙ্গে টি-টোয়েন্টি যায় কি না, জানি না। কিন্তু আমার কাছে মনে হয়েছে আমি এভাবে খেললে আমার জন্য ভালো অপশন হবে, আমি খেলেছি। আর প্রস্তুত বলতে অবশ্যই অনুশীলন করেছি অনেক দিন ধরে, অনেক দিন ধরে খেলছি। দেখা যাক কী হয়।’

তবে সেখানে গিয়ে দলে যায়গা পাওয়াটা হবে তার জন্য কষ্টকর। কারণ দলে ইতিমধ্যে অভিজ্ঞ ওপেনার রয়েছে। এছাড়া সাকিব নিজেকে সরিয়ে নেওয়ায় নতুন করে ইংলিশ অভিজ্ঞ ওপেনার জেসন রয়কে দলে ভিড়িয়েছে কেকেআর। এছাড়া উইকেটরক্ষক হিসেবে রহমানউল্লাহ গুরবাজ তো রয়েছেই। তাই তাকে কঠিন যুদ্ধ করতে হবে দলে যায়গা পেতে। এ প্রসঙ্গে লিটন বলেন, ‘আমি জানি না যে, ওখানে গিয়ে খেলব কি না। খেললেও ভালো খেলব কি না, তার গ্যারান্টি নাই। এটা একটা শেখার প্রক্রিয়া। ২০-২৫ দিন বা যত দিনই থাকব চেষ্টা করব সবগুলো মাঠ সম্পর্কে ধারণা নেওয়ার। যা আমাদের ভবিষ্যতে কাজে লাগবে।’ এসময় তিনি আরো বলেন, ‘দেখুন, একজন ওপেনার হিসেবে সব জায়গায় আত্মবিশ্বাস তো থাকাই লাগবে। কিন্তু দলটাও ভিন্ন দল। কখনোই ফ্র্যাঞ্চাইজি লিগ আমি খেলতে যাইনি। তারা যদি খেলায় অবশ্যই চেষ্টা করব ভালো খেলার।’