খুলনায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে স্বপন ব্যাপারী (৩০) নামে এক যুবক খুন হয়েছেন। সোমবার (১০ এপ্রিল) সকালে পুলিশ দীর্ঘদিন ধরে বন্ধ থাকা দাদা ম্যাচ ফ্যাক্টরি থেকে ঐ যুবকের লাশ উদ্ধার করে।
নিহত স্বপন ব্যাপারী নগরীর রূপসা বেড়িবাঁধের বাসিন্দা গোলাম মোস্তফা ব্যাপারীর ছেলে। ফ্যাক্টরির পরিত্যক্ত মালামাল চুরির টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে পুলিশ ধারণা করছে।
রূপসা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উজ্জ্বল কুমার সরকার জানান, রোববার রাত ১টার দিকে দাদা ম্যাচ ফ্যাক্টরির ভেতরে এই হত্যাকাণ্ড ঘটেছে।
জানা গেছে, বন্ধ থাকা নগরীর রূপসা দাদা ম্যাচ ফ্যাক্টরির পরিত্যক্ত মালামাল চুরিকে কেন্দ্র করে স্বপন ও হোসেন গ্রুপের মধ্য দ্বন্দ্ব চলে আসছিল। রোববার রাতে তারা চোরাই মালামাল বিক্রির অর্থ ভাগাভাগিকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় হোসেন গ্রুপের দুর্বৃত্তদের ছুরিকাঘাতে স্বপনের মৃত্যু হয়। সোমবার সকালে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত স্বপনের লাশ উদ্ধার করে।
খুলনা সদর থানার ওসি হাসান আল মামুন বলেন, সোমবার সকালে নিহত স্বপনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনা সোমবার বিকাল ৪টা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। তবে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। নিহত স্বপনের বিরুদ্ধে চুরি ও মাদক সংক্রান্ত পাঁচটি মামলা রয়েছে। এছাড়া এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত থাকার কথা শোনা যাচ্ছে তাদের বিরুদ্ধেও মামলাসহ থানায় একাধিক অভিযোগ রয়েছে।