অধিনায়কত্ব থেকে বাবরকে সরাতে চেয়েছিলেন আফ্রিদি: নাজাম শেঠি

অধিনায়কের পদ থেকে বাবর আজমকে সরাতে চেয়েছিলেন অন্তবর্তী নির্বাচন কমিটির প্রধান শহীদ আফ্রিদি। এমনই বিষ্ফোরক তথ্য প্রকাশ করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নাজাম শেঠি।

নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজের জন্য জাতীয় নির্বাচন কমিটির অন্তবর্তীকালীন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিলো পাকিস্তানের সাবেক অধিনায়ক আফ্রিদিকে।

একটি ইউটিউব চ্যানেলে নাজাম শেঠি বলেন, ‘আমরা দায়িত্ব নেওয়ার সময় একটি অন্তবর্তীকালীন নির্বাচন কমিটি করেছিলাম। নির্বাচকরা বোর্ডে আসার আগে, আমাদের তারা বলেছিলো কিছু পরিবর্তন করা দরকার এবং অধিনায়ক হিসেবে বাবরকে বদলাতে হবে।’

তিনি আরও বলেন, ‘তবে নিয়োগ পাওয়ার পর তারা বলেছিল বাবরের বদলির কোনও প্রয়োজন নেই। আমি তাদের বলেছিলাম তারা তাদের সিদ্ধান্ত  পরিবর্তনের অধিকার রাখে।’

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের পর আলোচনার জন্য সময় না পাওয়ায় পদত্যাগ করেন আফ্রিদি। তার জায়গায় আসেন হারুন রশিদ।

নাজাম শেঠি জানান, পাকিস্তানের হয়ে যতদিন ম্যাচ জিতবে ততদিন অধিনায়ক থাকবেন বাবর। তিনি বলেন, ‘যতদিন একজন সফল ব্যাটার এবং একজন সফল অধিনায়ক থাকবেন বাবর, ততদিন অধিনায়ক থাকবেন তিনি। আপনি যদি সিরিজ হারতে থাকেন তবে মানুষ আপনার অধিনায়কত্ব ও অন্যান্য গুণাবলী নিয়ে প্রশ্ন তুলতে শুরু করবে।’

গেল সপ্তাহে জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বাবরের অধিনায়কত্ব নিয়ে বার্তা দিয়েছিলেন নাজাম শেঠি। টুইটারে তিনি লিখেন, ‘আজ আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন বাবর। আমি তাকে বলেছি, নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে দলকে নেতৃত্ব দিবে বাবর। এরপরই নিউজিল্যান্ডের বিপক্ষে দল ঘোষণা করা হয়।’

আসন্ন নিউজিল্যান্ড সিরিজের জন্য বাবরকে অধিনায়ক ঘোষণা করার আগে মিকি আর্থারের সঙ্গে কথা বলেছেন নাজাম শেঠি।

তিনি বলেন, ‘আমি মিকিকে জিজ্ঞেস করেছি,আপনি কি নিউজিল্যান্ড সিরিজে একজন নাকি দু’জন অধিনায়ক চান? তার সঙ্গে আলোচনার পর আমরা সাদা বলের ফরম্যাটের জন্য একজন অধিনায়ক রাখার সিদ্ধান্ত নিয়েছি। আমি তাকে বলেছিলাম, আপনি যখন আসবেন বাবরের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে পারেন।’