গরমে প্রাণ জুড়াতে চাই ফলের শরবত

শুধু ইফতারেই নয়, এই গরমে ক্লান্তি দূর করতে ফলের শরবতের বিকল্প নেই। এই মৌসুমে খুব সহজে পাওয়া যায় বেল, আনারস, পেয়ারা, তেঁতুল ইত্যাদি ফল। অনায়াসে এসব ফলের শরবত রাখতে পারেন আপনার প্রতিদিনের ইফতারিতে। ফলের শরবতের উপকারিতা সম্পর্কে জানিয়েছেন পুষ্টি বিশেষজ্ঞ শাহনীলা শাহনেওয়াজ। চলুন জেনে নেই: 

শরবত

  • সারা দিন না খেয়ে থাকার ফলে শরীরে শর্করার স্তর অনেক কমে যায়। এ জন্য ইফতারের কয়েক ঘণ্টা আগে থেকেই শারীরিক দুর্বলতা বেশি অনুভূত হয়। এ ক্ষেত্রে ফলে থাকা শর্করা ধীরে ধীরে আপনার রক্তে গ্লুকোজের স্তর বাড়িয়ে আপনাকে শক্তি জোগাবে। তবে যাদের ডায়াবেটিস আছে, তাদের ক্ষেত্রে তেঁতুলের শরবত কম খেতে হবে। কারণ এতে শর্করা একটু বেশি থাকে।
  • আমাদের মস্তিষ্কের প্রধান খাবারই হচ্ছে গ্লুকোজ। ইফতারে এক গ্লাস ফলের শরবত আপনার মস্তিষ্ককে সচল করবে।

শরবত

  • ক্লান্ত পেশিকে সতেজ করে ভিটামিন ও মিনারেল। এ ক্ষেত্রে ফলে থাকা ভিটামিন বি কমপ্লেক্সের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।
  • ফলের পটাশিয়াম স্নায়বিক দুর্বলতা দূর করে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে।
  • সারা দিন রোজা রাখার ফলে শরীরে কিছুটা পানিশূন্যতা তৈরি হয়। ফলের জলীয় অংশ শরীরের পানিশূন্যতা দূর করে শরীরের প্রতিটি কোষকে কর্মক্ষম রাখে।

শরবত

  • এই গরমে ইফতার এবং সেহরিতে শুধু বেশি বেশি পানি পান করলেই হবে না। তার কিছু অংশ শরীরে ধরেও রাখতে হবে। ফলের আঁশ এ কাজটি খুব সুন্দরভাবে করে। এ ছাড়া ফলের আঁশ মূত্রের সংক্রমণ ও কোষ্ঠকাঠিন্য থেকে মুক্ত রাখে।
  • ফলের আয়রন, ভিটামিন সি, জিংক, ভিটামিন বি কমপ্লেক্স এগুলো ত্বক ও চুলের সুরক্ষা দেবে। তাই সাধারণ সময়ের পাশাপাশি প্রতিদিন ইফতারে যেকোনো একটি ফলের শরবত রাখুন। তবে সেটা যেন অবশ্যই বাসায় তৈরি হয়।