বাংলাদেশ-ভারত সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছেছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, গত এক দশকে বাংলাদেশ-ভারত সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছে গেছে। বিশেষ করে মহান স্বাধীনতা যুদ্ধের সময় ত্রিপুরা সরকারের সহযোগিতা আমাদেরকে আমৃত্যু বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ করেছে। 

akhura-3

মঙ্গলবার (১১ এপ্রিল) বিকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের আগরতলা যাওয়ার পথে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলোতে একটি বাজার তৈরি হচ্ছে। অর্থনৈতিকভাবে ভারতের অন্য অঞ্চল থেকে এ রাজ্যগুলো কিছুটা চ্যালেঞ্জিং অবস্থানে থাকলেও তাদের ক্রমবর্ধমান উন্নতি হচ্ছে। এটাকে আমাদের বাজারের সঙ্গে সম্পৃক্ত করতে চাই। আর এসব করতে গেলে যোগাযোগ ব্যবস্থার কোনো বিকল্প নেই। 

akhura-1

ভারত থেকে বিদ্যুৎ আমদানির বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ইউরোপের বাইরে এ ধরনের সহযোগিতা পৃথিবীর আর কোথাও ছিলনা, যখন আমরা সেটি করি। সেটি বাড়তে বাড়তে এখন অনেকটাই বেড়েছে। বাংলাদেশের পশ্চিমাঞ্চল দিয়ে বিদ্যুৎ আসছে।

এ সময় উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা, আখাউড়া স্থলবন্দরের সহকারী পরিচালক মো. আতিকুল ইসলাম এবং আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের ইনচার্জ স্বপন চন্দ্র দাসসহ আরও অনেকে।