‘সৌম্য এখনো জাতীয় দলের চিন্তাভাবনার মধ্যে আছে’

বাংলাদেশ দলে কিছুদিন আগেও অটো চয়েজ ছিল সৌম্য সরকার। তার পাওয়ার হিটিং অ্যাবিলিটি এবং অলরাউন্ড পারফরম্যান্সে তিনি বারবারই টাইগার দলে সুযোগ পেয়েছেন। তবে সেই সুযোগগুলোর সঠিক ব্যবহার করতে পারেননি সৌম্য আর তাই এখন জাতীয় দলেই জায়গা হারিয়েছেন। তবে যখন তিনি জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে এসেছিলেন প্রথম, সেসময় কেউ ভাবতেও পারেনি যে এত অল্প সময়েই তিনি হারিয়ে যাবেন দল থেকে। 

টাইগারদের হয়ে অভিষেকে ঘরের মাটিতে ২০১৬ সালে পাকিস্তান, ভারত এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টানা তিন সিরিজে ব্যাট হাতে প্রতিপক্ষ বোলারদের শাসন করেছিলেন তিনি। তবে এরপর যতই সময় গড়িয়েছে ততই আধারে ডুবেছেন এই ওপেনার। বিপিএলের পর ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) খেলছেন, তবে তার পারফরম্যান্সে আসছে না কোনো পরিবর্তন। ব্যাট হাতে আর শাসন করতে পারছেন না বোলারদের।

এবার ডিপিএলে সাকিব-মাহমুদউল্লাহদের সঙ্গে ঢাকার ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডানে খেলছেন সৌম্য সরকার। তারা গতকাল ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে মাঠে নেমেছিলো ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে। এ ম্যাচেও রান খরায় ভূগেছেন সৌম্য। ম্যাচ মাঠে বসেই দেখেছেন টাইগার নির্বাচক হাবিবুল বাশার সুমন। এ সময় সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। আর সেখানেই সৌম্যর এমন ধারাবাহিক ব্যর্থতা নিয়ে হতাশা প্রকাশ করেন বাশার। এছাড়া শোনান সৌম্যর জন্য আশার বাণীও। জানান সৌম্য সরকার এখনও রয়েছে তাদের নজরে। 

জাতীয় দলের এই নির্বাচক বলেন ‘সৌম্যর কাছে যে প্রত্যাশা সে অনুযায়ী পাচ্ছি না। কিছু দিন আগেও জাতীয় দলে ছিল। বাংলাদেশের পক্ষে তার অনেক ভালো পারফরম্যান্স আছে। ম্যাচ জেতানো পারফরম্যান্স। এখন প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স পাচ্ছি না। ও এখনো আমাদের চিন্তাভাবনার মধ্যে আছে। ঘরোয়া ক্রিকেটে ভালো করলে আমাদের পুল আরো বড় হয়। আমরা বিশ্বাস করি, ওর সামর্থ্য নিয়ে কোনো সন্দেহ নেই। একটু হতাশ তো অবশ্যই।’

এদিকে সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে জাতীয় দলের জার্সিতে খেলেছিলেন সৌম্য। অস্ট্রেলিয়ায় সেই বিশ্বকাপে চার ম্যাচে মাত্র ৪৯ রান করে দল থেকে বাদ পড়েন। গতবছর ৬ টি-টোয়েন্টিতে তার বিবর্ণ সময় চলছিল। এ সময়ে রান করেছিলেন মাত্র ৭৬। সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলেও তেমন একটা আলো ছড়াতে পারেননি সৌম্য, আসরটিতে ১২ ম্যাচ খেলে করেন কেবল ১৭৪ রান। এছাড়া চলমান ঢাকা লিগে এখন পর্যন্ত ৯ রাউন্ডে সৌম্যর ব্যাট থেকে এসেছে কেবল ১৬১ রান। সর্বোচ্চ ৫৬। আরেক ম্যাচে করেন ৪১ রান। বাকি সব ম্যাচে আউট হয়েছেন বিশের আগেই।

জাতীয় দলের বাইরে নিয়মিত খেলার মধ্যে থেকেও কেন তার ব্যাট এমন ব্যর্থ তা এখনো জানেন না কেউ। তবে সৌম্যর এমন অবস্থা থেকে বের করে আনার জন্য নিয়মিতই যোগাযোগ করছেন কর্তৃপক্ষ। এ বিষয়ে হাবিবুল বাশার বলেন, ‘ওর সঙ্গে সবাই কথা বলছে। যে মানসিক সমর্থন দরকার সেটা সবসময় দেওয়া হয়। মাঝেমধ্যে ক্রিকেটারদের নিজেকেই নিজে বাঁচাতে হয়। ও কিন্তু অনেক দিন ধরে খেলছে, মোটেও নতুন ক্রিকেটার না। যথেষ্ট অভিজ্ঞ ক্রিকেটার। মানসিক সমর্থন তো সবসময় পায়। নিজেকেই ঠিক করতে হবে, কীভাবে খেলতে হবে সেটা নিজেকেই বের করতে হবে।’

এসময় আগে নিজেকে বোঝা গুরুত্বপূর্ণ উল্লেখ করে টাইগার নির্বাচক বলেন, ‘সব ব্যাটসম্যানের একটা ব্যাটিং পরিকল্পনা থাকে, একটা নিজস্ব পরিকল্পনা নিয়ে মাঠে নামে। সেটা হতে পারে কোন বোলারকে মারবে, কোন বোলারকে মারবে না, কোন দিক ছোট, কোন দিকে বাতাস আছে। এমন সব ব্যাটারেরই কিছু বেসিক পরিকল্পনা থাকে। সৌম্যকে নিজের ব্যাটিং পরিকল্পনা ঠিক করতে হবে, কীভাবে ও ব্যাটিং করতে চায়। নিজের ব্যাটিং বোঝাটা গুরুত্বপূর্ণ। ওকে বোঝানোর কিন্তু কিছু নেই। ওর আন্তর্জাতিক ক্রিকেটেও সাফল্য আছে। বড় বড় দলের বিপক্ষে ম্যাচ জেতানো ইনিংস আছে। ওকে কিছু বোঝানোর নেই। ওকে নিজেই বুঝতে হবে।’