ঢাকা কলেজের পুকুর থেকে পানি সংগ্রহ করছে ফায়ার সার্ভিস

রাজধানীর নিউ ‍সুপার মার্কেটে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট। নিউমার্কেটের আগুন নেভাতে ঢাকা কলেজের পুকুর থেকে পানি নিচ্ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটে এ আগুনের সূত্রপাত হয়। সকাল থেকেই কলেজের পুকুরের থেকে প্রায় ১০টির উপরে পাম্প বসানো হয়েছে।

দেখা যায়, আগুন থেকে মালপত্র রক্ষার চেষ্টা করছেন ব্যবসায়ীরা। বস্তায় ভরে, দড়ি দিয়ে বড় বড় গাঁটরি বেঁধে ভ্যানে এবং মাথায় বহন করে নিজেদের মালপত্র রক্ষার চেষ্টা করতে দেখা যায়।

fire copy

এদিকে, আগুন দেখতে নিউ সুপার মার্কেটের সামনে ফুটওভার ব্রিজে ভিড় করেছেন বহু মানুষ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুরোধ মানছেন না তারা। ফলে ব্রিজটি ভেঙে পড়ার শঙ্কা দেখা দিয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-মিডিয়া) শাহজাহান সিকদার বলেন, ভোর ৫টা ৪০ মিনিটে নিউ সুপার মার্কেটে এ আগুন লাগে এবং ৫টা ৪৩ মিনিটের মধ্যে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ইউনিট সংখ্যা বাড়িয়ে ২৮টি করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।