স্পোর্টস রিপোর্টার
চ্যাম্পিয়নস ট্রফিতে হঠাত্ করেই উঠে এসে শিরোপা জিতে নিয়েছিল পাকিস্তান। দলটিকে নিয়ে তাই ২১০৯ বিশ্বকাপেও অনেকের স্বপ্ন ছিল। কিন্তু সেই স্বপ্ন ভঙ্গ হওয়ার পথে। পাঁচ ম্যাচে একটিমাত্র জয় নিয়ে পাকিস্তান এখন ১০ দলের মধ্যে ৯ নম্বরে অবস্থান করছে। এর মধ্যে দলকে নিয়ে প্রতিদিনই কোনো না কোনো নেতিবাচক খবর প্রকাশিত হচ্ছে।
এই অবস্থায় পাকিস্তানের সিনিয়র ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজ বলছেন, দলগতভাবেই তাঁরা ব্যর্থ হচ্ছেন এবং দলগতভাবেই তাঁরা ব্যথিত এই অবস্থার জন্য। আর তাঁরা সেমিফাইনালে ওঠার আশা এখনো ছাড়েননি।
পাকিস্তানকে সেমিফাইনালে যেতে হলে বাকি চার ম্যাচের সবগুলো জিততে হবে এবং অন্যদের ফলাফল তাদের পক্ষে যেতে হবে। রবিবার তাদের লড়াই আরেক ধুঁকতে থাকা দল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তার আগে হাফিজ বলছিলেন, ‘আমি আপনাদের বলতে পারি যে, দলকে এই ৯ নম্বরে দেখে আমরা দলের সবাই সমান ব্যথিত। আমরা একটা দল হিসেবেই ব্যর্থ হয়েছি। আমরা দলীয় পারফরম্যান্স করতে পারছি না। ব্যক্তিগত নৈপুণ্যও সেভাবে কাজে লাগছে না। আজকের দিনে দলীয় পারফরম্যান্স দেখাতে না পারলে জেতা খুব কঠিন।’
হাফিজ বলছিলেন, তাঁরা একক কোনো খেলোয়াড়কে এই খারাপ ফলের দায় দিতে চান না। তবে এই খারাপ সময়ে দল নিয়ে সংবাদমাধ্যমে যেসব খবর আসছে, তাতে তাঁরা আরো ব্যথিত বলে জানালেন তিনি, ‘আমরা একক কাউকে দায় দিতে পারি না।
প্রত্যেকেই এই খারাপ অবস্থার জন্য দায়ী। একই সঙ্গে আমরা এটা নিয়ে আরো ব্যথিত যে, আমাদের খেলোয়াড়দের ও তাদের পরিবার নিয়ে সংবাদমাধ্যমে খুব নেতিবাচক প্রচারণা চলছে।’