পদ্মা সেতুর সংযোগ সড়কে দুর্ঘটনায় অটোরিকশা চালক নিহত

শরীয়তপুরের পদ্মা সেতুর সংযোগ সড়কে বসুমতি ট্রান্সপোর্টের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানের উপরে ওঠে যাওয়ায় ঘটনা ঘটেছে। এতে একজন নিহত হয়েছেন। একইসঙ্গে আহত হয়েছেন আরও ৬ জন। রোববার (১৬ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় জাজিরা উপজেলার গোল চত্বর জমাদ্দার মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম লাক্কু মাদবর (৩২)। তিনি পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন। দুর্ঘটনায় আহতদের জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত তাদের নাম-পরিচয় জানা যায়নি।

নিয়ন্ত্রণ হারানো বাসটি ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও সেনাবাহিনীর সহায়তায় নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। জাজিরা ফায়ার সার্ভিসের শেখ আবুল হাসেমের নেতৃত্বে উদ্ধার কাজ পরিচালনা করা হয়। 

জাজিরা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কামরুল হাসান সোহেল জানান, এ দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। আর ছয়জন আহত হয়েছেন। হতাহত সবাইকে প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার টাকা সহায়তা ঘোষণা করা হয়েছে।