বিবিসি ও রয়টার্স
মূল ভূখণ্ড চীনে প্রত্যর্পণের সুযোগ রেখে হংকংয়ের আইন পরিষদে উত্থাপন হওয়া প্রত্যর্পণ বিল নিয়ে গত কয়েক দিন ধরে ব্যাপক বিক্ষোভ করছে স্বায়ত্তশাসিত অঞ্চলটির জনগণ। বিক্ষোভের জেরে বিলটি পাস না করে স্থগিত করে রাখা হয়েছে। এরপরও বিক্ষোভ বন্ধ করেনি আন্দোলনকারীরা। বিলটি প্রত্যাহারের দাবিতে টানা বিক্ষোভ অব্যাহত রেখেছে জনগণ। শুক্রবার বিলটি প্রত্যাহারে সরকারকে চাপ দিতে এবং বিক্ষোভকারীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করে গ্রেফতারদের মুক্তি দিতে হংকংয়ের পুলিশ সদর দফতর ঘেরাও করে আন্দোলনকারীরা।
শুক্রবার সকালে হাজার হাজার বিক্ষোভকারী লেজিসলেটিভ কাউন্সিলের সামনে জড়ো হতে শুরু করেন। প্রত্যর্পণ বিলটি পুরোপুরি বাদ দিতে হংকংয়ের প্রশাসনকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বেঁধে দেয়া সময় সরকার মানতে রাজি না হওয়ার প্রতিবাদে এদিন বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। লেজিসলেটিভ কাউন্সিলের সামনে জড়ো বিক্ষোভকারীদের পুলিশ সদর দফতরের সামনে অবস্থান নেয়ার আহ্বান জানান কয়েক দিন আগেই কারামুক্তি পাওয়া ছাত্রনেতা জসুয়া অং। এরপরই বিক্ষোভকারীরা পুলিশ দফতরের সামনে অবস্থান শুরু করে বিলটি প্রত্যাহার করাসহ হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি লামের পদত্যাগ দাবি করে স্লোগান দিতে থাকে। বিক্ষোভকারীদের অবস্থানের ফলে পুলিশের জরুরি সেবায় বাধা সৃষ্টি হচ্ছে জানিয়ে বিক্ষোভকারীদের শান্তিপূর্ণভাবে সরে যেতে বলেছে পুলিশ সদর দফতর।
এর আগে গণতান্ত্রিক আন্দোলনের নেতা হিসেবে পরিচিত জসুয়া অং এক টুইট বার্তায় ইতোপূর্বে গ্রেফতার বিক্ষোভকারীদের মুক্তি দেয়ার আহ্বান জানান। পাশাপাশি পুলিশ কমিশনার স্টিফেন লোটুকে বিক্ষোভকারীদের মুখোমুখি হওয়ার আহ্বান জানান। টুইটে তিনি জানান, বিক্ষোভকারীরা কেউ দাঙ্গা সৃষ্টিকারী না। সকল রাজনৈতিক মামলা প্রত্যাহার করে পুলিশকে জনগণের কাছে জবাবদিহি করারও আহ্বান জানান তিনি। তবে এদিন বিক্ষোভকারীদের সংখ্যা কম হলেও সেটা আরো বাড়বে বলে জানিয়েছে আয়োজকরা।