ইরানকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র কেনার প্রস্তাব রাশিয়ার

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে ইরানকে অধ্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ কেনার প্রস্তাব দিয়েছে রাশিয়া। রুশ সংসদের নিম্নকক্ষ দুমার প্রতিরক্ষা বিষয়ক কমিটির উপ-প্রধান আলেকজান্ডার বলেছেন, যুক্তরাষ্ট্র পশ্চিম এশিয়ায় সামরিক উপস্থিতি জোরদারের পাশাপাশি মধ্যপ্রাচ্যে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনার করছে। এ অবস্থায় ইরানের উচিত এস-৪০০ কেনার বিষয়টি বিবেচনা করা।

রুশ বার্তাসংস্থা রিয়া নোভস্তিকে দেয়া সাক্ষাত্কারে আলেকজান্ডার শেরিন বলেন, আমি মনে করি বর্তমান পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে ইরানের এস-৪০০ কেনা উচিত। এই পদক্ষেপ নিলে ইরানের নিরাপত্তা নিশ্চিত হবে। অবশ্য ইরান যদি শুধু এ ঘোষণাও দেয় যে তারা এস-৪০০ কিনতে চায় তাতেও কাজ হবে। খবর পার্সটুডে ও এএএফপি

সম্প্রতি মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন ঘোষণা দেয়, যুক্তরাষ্ট্র পশ্চিম এশিয়া সামরিক উপস্থিতি জোরদার করবেন। এরই অংশ হিসেবে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং ড্রোন মোতায়েন করা হবে। এসব অস্ত্র পরিচালনায় দক্ষ ব্যক্তিদেরকেও পশ্চিম এশিয়ায় আনা হবে।

এর আগে পশ্চিমা সংবাদমাধ্যম আগে করেছিল, ইরান এস-৪০০ কিনতে চেয়েছিল, কিন্তু রাশিয়া বিক্রি করতে রাজি হয়নি। তবে দাবি প্রত্যাখ্যান করে ইরান ও রাশিয়া বলেছে, তেহরান এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার প্রস্তাব দেয়নি।