ঈদে যাত্রাপথের প্রস্তুতি

ঈদের ছুটি শুরু হয়েছে। ঈদের খুশি আপনজনদের ছাড়া যেনো অসম্পূর্ণ। তাই ছুটি পেয়ে রাজধানী ঢাকাসহ বিভিন্ন শহর ছেড়ে গ্রামের বাড়িতে ঈদ করতে ছুটছেন অনেকেই। আর ঘরমুখী মানুষের ঢলে তৈরি হচ্ছে তীব্র যানজট। প্রচন্ড গরমে যাত্রাপথে কিছু ভোগান্তি হওয়া অস্বাভাবিক নয়। যাত্রার আগে তাই বাড়তি সচেতনতা জরুরি। চলুন জেনে নেই গরমে যাত্রার সময় কী করবেন-

১। যেদিন যাত্রা করবেন সেদিনের আবহাওয়ার খোঁজ তো রাখবেনই, সেইসঙ্গে ছুটির দিনগুলো যে এলাকায় থাকবেন, সেসময় সেখানকার আবহাওয়া কেমন থাকবে তার অগ্রিম খবর নিন।

২। জার্নিতে আরামদায়ক সুতির হালকা রঙের পোশাক পরুন। এতে গরম কম অনুভূত হবে।

৩। চোখকে রোদের তীব্রতা থেকে রক্ষা করতে অবশ্যই সানগ্লাস সঙ্গে রাখুন।

৪। রোদ থেকে বাঁচার জন্য ছাতা, ক্যাপ ও সানস্ক্রিন রাখতে ভুলবেন না।

৫। সঙ্গে রাখুন ফাস্ট এইড বক্স। প্রয়োজনীয় ও জরুরি ওষুধ-পত্র রাখুন তাতে। কারণ হাতের কাছে সব সময় সব ওষুধ নাও থাকতে পারে। ফাস্ট এইড বক্স সঙ্গে রাখলে প্রয়োজনে কাজে দেবে।

৬। একে তো গরম, তার ওপর রোজা। তাই যাত্রার আগে সেহরি বা ইফতারে ভারী খাবার একদমই খাবেন না। এর বদলে হালকা খাবার খাওয়ার চেষ্টা করুন। সঙ্গে বিশুদ্ধ পানির বোতল রাখুন।

৭। পথেই যদি ইফতার বা সেহরি খেতে হয় তবে সেই ব্যবস্থা করেই বের হোন। কারণ পথের খাবার অস্বাস্থ্যকর হওয়ার ভয় বেশি থাকে।

৮। যদি সম্ভব হয় তবে রাতের বেলা ভ্রমণের চেষ্টা করুন। এসময় গরমের তীব্রতা কম থাকে।

৯। হ্যান্ডব্যাগে গামছা বা তোয়ালে রাখুন। গরমের কারণে বেশি ঘামলে এটি কাজে লাগবে। পা ঘেমে যাওয়ার সমস্যা থাকলে সুতির মোজা পরে বের হতে পারেন।