কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের চার উপজেলার চার ইউনিয়ন পরিষদের তিন ইউপি চেয়ারম্যান ও তিন সদস্যপদে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ১৮ জুন জারি করা প্রজ্ঞাপন অনুসারে চকরিয়ার ফাঁসিয়াখালী, টেকনাফের হ্নীলা ও কুতুবদিয়ার বড়ঘোপ ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ও মহেশখালীসহ অপর তিন ইউপিতেও সদস্যের শূন্য পদে ২৫ জুলাই উপনির্বাচন অনুষ্ঠিত হবে। কক্সবাজার জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, তফসিল অনুসারে আগামী ৩০ জুন মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ২ জুলাই বাছাই ও ৯ জুলাই প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আর ২৫ জুলাই ভোট গ্রহণ করা হবে।
কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা এসএম শাহদাত হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, নির্বাচন কমিশনের দেয়া তফসিল হাতে পেয়েছি। প্রজ্ঞাপন চলে আসায় ১৯ জুন থেকে মনোনয়ন ফরম সরবরাহ শুরু হয়েছে। ২৫ জুলাই নির্বাচন সুন্দরভাবে সম্পন্ন করতে সকল প্রস্তুতি নেয়া হচ্ছে।