সাবেক মেয়র আজাদসহ অভিযুক্ত ২৩
রামগতি (লক্ষ্মীপুর) সংবাদদাতা
লক্ষ্মীপুরের রামগতিতে সাবেক মেয়র আজাদ উদ্দিন চৌধুরীসহ ২৩ জনের বিরুদ্ধে ২৫টি মহিষ লুটের অভিযোগে পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে। উপজেলার চরনেয়ামত এলাকার মো. পারভেজ গত মঙ্গলবার ও বুধবার লক্ষ্মীপুরে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রামগতি আমলি আদালতে মামলা দুইটি দায়ের করেন। মঙ্গলবার দায়ের করা মামলায় আদালত রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। বুধবারে দায়ের করা মামলায় লুট করা মহিষগুলো উদ্ধারের জন্য সার্চ ওয়ারেন্ট জারি করে রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তা তামিল করার নির্দেশ দেওয়া হয়েছে।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক বলেন, মহিষের ঘটনায় আদালত থেকে দুইটি মামলা তিনি পেয়েছেন। বৃহস্পতিবার বিকালে আজাদ উদ্দিনের হেফাজত থেকে ১৫টি মহিষ উদ্ধার করা হয়েছে। আজাদ উদ্দিন ও নুর মোহাম্মদ দুজনেই মহিষগুলোর মালিকানা দাবি করছেন। মালিকানার বিষয়ে প্রয়োজনীয় সাক্ষী-প্রমাণ নিয়ে তাদের থানায় আসতে বলা হয়েছে। তা যাচাইসহ আনুসঙ্গিক তদন্ত শেষ করে এ বিষয়ে আদালতে প্রতিবেদন দেওয়া হবে।