হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জে গর্ভবতী প্রসূতি মায়েদের এসএমএস ও ভয়েস কলের মাধ্যমে স্বাস্থ্যসেবা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। এখন থেকে একটি নির্দিষ্ট মোবাইল নাম্বার থেকে নিয়মিত এসএমএস পাঠানো হবে। ৩ মাস পর একটি জরিপের মাধ্যমে মায়েদের সেবা নেওয়া না নেওয়ার কারণগুলো মূল্যায়ন করা হবে। শুক্রবার দুপুরে মাধবপুরে একটি হোটেলের সম্মেলন কক্ষে ইউএসএআইডির মা-মনি মাতৃ ও নবজাতক স্বাস্থ্যসেবা উন্নয়ন প্রকল্পের এম-হেলথ মেসেজ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অবহিতকরণ অনুষ্ঠানে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. নাসিমা খানম ইভার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. ফজলুল জাহিদ পাভেল।
সূত্র জানায়, বিভিন্ন উদ্যোগের কারণে মাতৃমৃত্যুর ক্ষেত্রে যথেষ্ট অগ্রগতি সত্ত্বেও তা সন্তোষজনক নয়। এখনও গর্ভকালীন ও প্রসব পরবর্তী সেবাগ্রহণে স্বাস্থ্য কেন্দ্রে যান মাত্র ৩১ শতাংশ। সন্তান প্রসবের জন্য হাসপাতাল বা স্বাস্থ্য কেন্দ্রে যান ৩৭ শতাংশ মা এবং প্রসব পরবর্তী সেবা গ্রহণ করেন ৩৬.৪ শতাংশ মা ও ৩১.৫ শতাংশ শিশু।
অনুষ্ঠানে বলা হয়, মা ও নবজাতকের স্বাস্থ্য উন্নয়ন কর্মসূচির গুণগতমান উন্নয়নে দেশের ১০ জেলায় এ প্রকল্প কাজ করবে। এতে বিশেষ অতিথি ছিলেন মাধবপুর উপজেলা চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান, সহকারী কমিশনার ভূমি মতিউর রহমান খান, সানা উল্লাহ নূরী, আবু নাসের উদ্দিন, ডা. ইফতেখার রশীদ, অজয় বড়ুয়া, গোলাম কিবরিয়া প্রমুখ। অনুষ্ঠানে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।