পদ্মা সেতুর টোল প্লাজায় মোটরসাইকেলের ভিড়

পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল ৬টা থেকে সেতু দিয়ে মোটরসাইকেল চলাচল শুরু হয়। এদিন সকাল সোয়া ৮টার দিকে পদ্মা উত্তর থানা থেকে মাওয়া টোল প্লাজা পর্যন্ত মোটরসাইকেল চালকদের ভিড় দেখা যায়।

পদ্মা সেতু দিয়ে নদী পাড় হতে আসা মোটরসাইকেল আরোহী সাব্বির বলেন, ভোরে ঢাকা থেকে রওনা হয়ে পদ্মা সেতুর টোল প্লাজায় এসেছি। প্রচুর ভিড়। সেতুতে উঠবো বলে ৩০ মিনিটের বেশি সময় ধরে অপেক্ষা করছি।

মোটরসাইকেল নিয়ে পদ্মা সেতু পার হতে টঙ্গী থেকে এসেছেন আসাদুজ্জামান। পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজায় দীর্ঘ ভিড় দেখে তিনি এসেছেন ফেরিতে পদ্মা পাড়ি দিতে। কিন্তু পর্যাপ্ত সংখ্যক যাত্রী না হওয়ায় ফেরি চলাচল বন্ধ রয়েছে। 

padma copy-1

বিআইডব্লিউটিসির বাংলাবাজার ও সাত্তার মাদবর-মঙ্গল মাঝির ঘাটের ব্যবস্থাপক জামাল বলেন, পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল শুরু হওয়ায় ফেরিতে কোনো গাড়ি বা যাত্রী নেই বলে ফেরি ঘাটে পড়ে রয়েছে। কর্তৃপক্ষ সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত কলমিলতা ও কুঞ্জলতা ফেরি ঘাটেই থাকবে।

এর আগে, মঙ্গলবার (১৮ এপ্রিল) আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের অনুমতি দেয় সরকার। এজন্য চালকদের কিছু শর্ত বেঁধে দেওয়া হয়।

padma-2

গত বছর পদ্মা সেতু সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। কিন্তু সেতু উন্মুক্ত হওয়ার পরে দু’জন মোটরসাইকেল আরোহী নিহত ও বাইকারদের উচ্ছৃঙ্খলতার জন্য সেতু কর্তৃপক্ষ পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ ঘোষণা করেন।