চুরির অভিযোগে ছাত্রকে প্রহার

পটুয়াখালীতে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর হেতালিয়া বাঁধঘাট এলাকায় বাইতুল আহাদ আকন বাড়ি হাফেজিয়া মাদ্রাসার ছাত্র মো. সুমন চৌকিদারকে (১৩) মারধরের ঘটনায় শিক্ষক মো. আহসান উল্লাহকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় সুমনের মা রেহেনা বেগম বাদী হয়ে সদর থানায় মামলা করলে পুলিশ বৃহস্পতিবার রাতে শিক্ষককে গ্রেফতার করে।

পুলিশ জানায়, নির্যাতনের শিকার সুমনের বাড়ি সদর উপজেলার পশ্চিম শারিকখালী গ্রামে। বুধবার মাদ্রাসার শিক্ষক আহসান উল্লাহর কক্ষ থেকে দুই হাজার টাকা চুরি হয়। এ ঘটনায় শিক্ষক সুমনকে সন্দেহ করে। এর জেরে পরদিন বৃহস্পতিবার সকাল ৮টার দিকে সুমনকে গামছা দিয়ে হাত-পা বেঁধে প্রথমে লাঠি দিয়ে ও পরে লোহার রড দিয়ে মারধর করে। চিত্কার করলে সুমনের মুখে স্কচটেপ লাগিয়ে আটকে দেয়া হয়। এক পর্যায়ে সুমন অজ্ঞান হয়ে পড়ে। এরপর শিক্ষক আহসান উল্লাহ সেখানে সুমনকে অজ্ঞান অবস্থায় ফেলে অন্যত্র চলে গেলে সহপাঠী সাব্বির হোসেন সুমনের মাকে গিয়ে ঘটনা জানায়।

খবর পেয়ে মা রেহেনা বেগম অজ্ঞান অবস্থায় সুমনকে উদ্ধার করে হাসপাতালে নিতে চাইলে শিক্ষক আহসান উল্লাহ এসে তাকে বাধা দেয়। খবর পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে অবহিত করলে পুলিশ এসে মাদ্রাসা থেকে সুমনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় সুমনের মা রেহেনা বেগম বাদী হয়ে থানায় এজাহার দায়ের করেছেন। পুলিশ অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক মো. আহসান উল্লাহকে গ্রেফতার করেছে।