জীবননগর সীমান্তে হুন্ডি ব্যবসায়ী আটক

জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা

ভারত থেকে অবৈধ পথে পাচার করে আনাকালে জীবননগর সীমান্তে ১০ লক্ষাধিক টাকাসহ এক হুন্ডি ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটক হুন্ডি ব্যবসায়ীর নাম নাসির উদ্দিন। গতকাল শুক্রবার সীমান্তের নতুনপাড়া বিওপির বিজিবি সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘাটপাড়া নামক স্থান থেকে তাঁকে আটক করেন।

ঝিনাইদহের খালিশপুরস্থ-৫৮ বিজিবি ব্যাটালিয়ন সূত্র জানায়, চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা সীমান্তের গয়েশপুর গ্রামের আজহার মন্ডলের ছেলে নাসির উদ্দিন একজন হুন্ডি ব্যবসায়ী। শুক্রবার তিনি ভারত থেকে অবৈধ পথে হুন্ডির টাকা পাচার করে আনছিলেন। বিজিবি খবর পেয়ে ঘাটপাড়া নামক স্থানে অভিযান পরিচালনা করে। জীবননগর শহরে আসার মুহূর্তে একটি বাইসাইকেলসহ বিজিবি নাসিরকে আটক করে। আটকের পর তাঁর দেহ তল্লাশি করে হুন্ডির ১০ লাখ ৬ হাজার ১০ টাকা উদ্ধার করে। উদ্ধারকৃত টাকা চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে এবং আটক নাসিরের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা দায়ের করে জীবননগর থানাতে সোপর্দ করা হয়েছে। ৫৮ বিজিবির উপ-অধিনায়ক মেজর কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।