প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা

বগুড়ায় প্রশ্ন ফাঁসের অভিযোগে একজন গ্রেফতার

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ায় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের আলমগীর হোসেন নামের এক প্রতারককে গ্রেফতার করেছে র?্যাব-১২ বগুড়া ক্যাম্পের সদস্যরা।

বৃহস্পতিবার রাতে শহরের লতিফপুর মধ্যপাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তার কাছ থেকে ২টি মোবাইল এবং জনতা ব্যাংকের মোট দশ লাখ টাকার দুইটি চেক উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত প্রতারক সিরাজগঞ্জের সলঙ্গার আবেদ আলীর ছেলে।

র?্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার মেজর এস এম মোর্শেদ হাসান বলেন, গ্রেফতারকৃত প্রশ্ন ফাঁসকারী প্রতারক তার মোবাইল ফোনে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র দেওয়ার কথা বলে চেকের মাধ্যমে টাকা নিয়ে প্রতারণা করে আসছিল। তার বিরুদ্ধে বগুড়ার শাজাহানপুর থানায় মামলা হয়েছে।

সারিয়াকান্দিতে বজ্রপাতে নিহত এক

বগুড়ার সারিয়াকান্দিতে শুক্রবার বজ্রপাতে একজন নিহত ও দুইজন আহত হয়েছে। দুপুরে উপজেলার ছাগলধরা গ্রামে এ ঘটনা ঘটে ।

জানা গেছে, বাঙালি নদীর তীরে মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে ওই গ্রামের মৃত জনাব আলীর ছেলে ছায়েদ জামান নিহত হন। এ সময় একই গ্রামের মহিদুল ইসলাম ও তাপসি বেগম নামে দুইজন আহত হন। তাদের সারিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সারিয়াকান্দি থানার ওসি আল আমিন ঘটনার সত্যতা স্বীকার করেন।