ঝিনাইদহ পল্লী বিদ্যুত্ সমিতি
ভ্রাম্যমাণ প্রতিনিধি
ঝিনাইদহ পল্লী বিদ্যুত্ সমিতির ৭ নম্বর এলাকা পরিচালক মো. নুরুজ্জামান বাড়িতে লাইন ও মিটার সংযোগের নাম করে জনসাধারণের কাছে নেওয়া অতিরিক্ত এক লাখ ৩৮ হাজার টাকা প্রকাশ্যে ফেরত দিয়েছেন। বৃহস্পতিবার শৈলকুপা উপজেলার খুলুমবাড়িতে টাকা ফেরত দেন তিনি। এসময় ঝিনাইদহ পল্লী বিদ্যুত্ সমিতির সভাপতি মো. হাফজুর রহমানসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঝিনাইদহ পল্লী বিদ্যুতের জি এম প্রকৌশলী আলতাফ হোসেন জানান, পরিচালক মো. নুরুজ্জামান শৈলকুপার খুলুমবাড়ি এলাকার বিভিন্ন ব্যক্তির বাড়িতে বিদ্যুত্ সংযোগ ও মিটার প্রদানের কথা বলে এই টাকা নেন। কিন্তু বিদ্যুত্ সংযোগ দেন নাই। অভিযোগ পেয়ে বিষয়টি তদন্ত করে সত্যতা পাওয়া যায়।
বৃহস্পতিবার পল্লী বিদ্যুত্ সমিতির বোর্ড মিটিংয়ে বিষয়টি উঠে এবং পরিচালক নুরুজ্জামান অভিযোগ অস্বীকার করেন। পরে প্রমাণাদি তুলে ধরলে তিনি স্বীকার করেন এবং টাকা ফেরত দিতে রাজি হন। তিনি ১২৬ জনের কাছ থেকে নেওয়া এক লাখ ৩৮ হাজার ১০০ টাকা ফেরত দেন।