চারটি চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার সাত

শিবচর (মাদারীপুর) সংবাদদাতা

বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে চারটি চোরাই মোটরসাইকেলসহ চোরচক্রের সাতজনকে গ্রেফতার করেছে শিবচর থানা পুলিশ। বৃহস্পতিবার শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন মোল্লা প্রেস ব্রিফিংয়ে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার শরিয়তপুরের জাজিরা থেকে মোটরসাইকেল চোরচক্রের একজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করে পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাকি ছয়জনকে গ্রেফতার করা হয়। শিবচর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে এসআই খলিলুর রহমান, এসআই জাহিদ, এএসআই আকরাম হোসেনসহ পুলিশের একটি টিম বুধ ও বৃহস্পতিবার বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে চারটি চোরাই মোটরসাইকেলসহ চোরচক্রের সাতজনকে গ্রেফতার করে। শুক্রবার সকালে তাদের মাদারীপুর জেলহাজতে প্রেরণ করা হয়। এ ব্যাপারে শিবচর থানায় একটি মামলা হয়েছে।