বাসাইলে রেললাইনের পাশ থেকে যুবকের লাশ উদ্ধার

বাসাইল (টাঙ্গাইল) সংবাদদাতা

বাসাইলে রেললাইনের পাশ থেকে হাবিবুর রহমান নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার হাবলা ইউনিয়নের সোনালিয়া দক্ষিণপাড়া গ্রামের রেললাইনের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

ওই যুবক পাবনার চাটমোহর থানার কচুয়াগারী গ্রামের মো. লেবু মিয়ার ছেলে বলে জানা গেছে।

স্থানীয় ইউপি সদস্য পলাশ তালুকদার লাশ উদ্ধারের তথ্য নিশ্চিত করে বলেন, সকালে রেল লাইনের পাশে স্থানীয়রা লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম তুহীন আলী বলেন, ট্রেনের ছাদ থেকে পড়ে তার মৃত্যু হতে পারে। বিষয়টি রেলওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে। টুঙ্গী ফাঁড়ির পুলিশ সদস্যরা লাশটি উদ্ধার করে নিয়ে গেছে।