পরপর দুটি ভূমিকম্পে কেঁপে উঠেছে ইন্দোনেশিয়ার বালি। ইন্দোনেশিয়ার কেপুলাওয়ান বাতুতে রোববার (২৩ এপ্রিল) সকালে পরপর দুটি ভূমিকম্প অনুভূত হয়েছে। ইউরোপিয়ান মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) বরাত দিয়ে এ তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, তবে ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। এছাড়া সুনামি সতর্কতা জারি করা হয়নি। রিখটার স্কেলে প্রথম ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ১। আর দ্বিতীয়টির মাত্রা ছিল ৫ দশমিক ৮।
ইএমএসসি আরও জানিয়েছে, প্রথম ভূমিকম্পের উৎপত্তিস্থল ভূপৃষ্ঠের ৪৩ কিলোমিটার গভীরে। আর দ্বিতীয় ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৪০ কিলোমিটার নিচে। এর আগে গত ১৪ এপ্রিল ইন্দোনেশিয়ার জাভায় ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছিল।