ডা. তানজিয়া নাহার তিনা
বিভিন্ন কারণে আমাদের শরীরের কিছু কিছু অংশের ত্বকে ফাটা দাগ দেখা যায়। ত্বকের এই ফাটা দাগ নিয়ে অনেকেই অস্বস্তিতে ভোগেন। বয়ঃসন্ধিকাল, ওজনআধিক্য, গর্ভাবস্থা, কিছু ওষুধ সেবন যেমন- কর্টিকোস্টেরয়েড ইত্যাদি কারণসমূহের জন্য ত্বকে ফাটা দাগ দেখা দিতে পারে। সাধারণত পেটের নিম্নভাগ, কোমর, ঊরুর পাশে, হাঁটুর পেছনে, বগল, ঘাড় এবং স্তনে এই ফাটা দাগসমূহ হয়ে থাকে। ফাটা দাগগুলো প্রথমে হালকা লালচে হয়ে থাকে যা পরবর্তীতে ধীরে ধীরে সাদাটে হয়ে যায়। শুষ্কতার কারণে এসব ফাটা জায়গায় হালকা চুলকাতে পারে। তাই ফাটা জায়গাগুলোতে ময়েশ্চারাইজার ব্যবহার করা যেতে পারে। পাশাপাশি বাড়তি ওজন ঝরিয়ে ফেলতে হবে যতটা সম্ভব। হরমোনজনিত কোনো সমস্যা থাকলে অবশ্যই চিকিত্সা গ্রহণ করতে হবে। এসব ফাটা দাগ দ্রুত দূরীকরণের জন্য আজকাল কিছু লেজার চিকিত্সা দিয়ে থাকেন চর্ম বিশেষজ্ঞরা। ফাটা দাগসমূহ শতভাগ নির্মূল না হলেও দূরীকরণে এই লেজার চিকিত্সার মাধ্যমে ভালো ফল পাওয়া যায়।
লেখক: চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ