কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে ডাকাতদলের গুলিতে জমিলা খাতুন নামের এক নারী নিহত হয়েছেন। এ সময় শিশুসহ আরও দু'জন গুলিবিদ্ধ হয়েছেন।
সোমবার (২৪ এপ্রিল) ভোরে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের সি ব্লকে এ ঘটনা ঘটলেও সন্ধ্যায় প্রচার পায়। নিহত জমিলা খাতুন ওই ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ হোসেনের স্ত্রী।
গুলিবিদ্ধরা হলো, আবদুল করিমের স্ত্রী মনিরা বেগম ও তার মেয়ে নুর ফাতেমা। বর্তমানে তারা কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।
১৬ এপিবিএনের পুলিশ সুপার জামাল পাশা জানিয়েছেন, সশস্ত্র সালমান শাহ গ্রুপের ১২-১৫ জন সশস্ত্র সন্ত্রাসী মনিরার ঘরে গিয়ে গুলি চালালে এ হতাহতের ঘটনা ঘটে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।