৪ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গ ও খুলনার রেল চলাচল শুরু

চার ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গ ও খুলনার পথে গতকাল শুক্রবার ট্রেন চলাচল শুরু হয়। গাজীপুরের সালনায় সকাল ১০টায় আন্তঃনগর রংপুর এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় এই রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শেষ করলে দুপুর ২টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

জয়দেবপুর রেলওয়ে জংশনের মাস্টার শাহজাহান জানান, রংপুর থেকে ঢাকাগামী আন্তঃনগর রংপুর এক্সপ্রেস ট্রেনটি গাজীপুরের সালনা এলাকায় পৌঁছালে ট্রেনের একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয়। ফলে এই রুটে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে ঢাকা থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে গিয়ে বগিটি উদ্ধার করলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। তিনি বলেন, চালক সময়মতো ট্রেন থামিয়ে দিতে পারায় বড় ধরনের দুর্ঘটনা থেকে যাত্রীরা রক্ষা পান।