কিশোরগঞ্জের করিমগঞ্জে এক দম্পতিকে দিনের বেলায় গলা কেটে হত্যা করা হয়েছে। নিহতরা হলেন— করিমগঞ্জ উপজেলার সতেরদরিয়া গ্রামের রিকশাচালক আবু বকর (২৬) ও তার স্ত্রী ইমা আক্তার (২২)। উভয়ের লাশ গতকাল শুক্রবার পার্শ্ববর্তী দক্ষিণ চানপুর গ্রাম থেকে উদ্ধার করা হয়। আবু বকরের লাশ উক্ত গ্রামের পাতুয়াইল বিলের পানি-কাদায় এবং তার স্ত্রী ইমা আক্তারের লাশ বিলের পাড়ে পড়ে থাকতে দেখে গ্রামবাসীরা থানায় খবর দেয়। পরে পুলিশ এসে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণের ব্যবস্থা করে। মাত্র পাঁচ মাস আগে তাদের বিয়ে হয়েছিল বলে জানা যায়।
পুলিশ ও স্থানীয়রা জানান, উক্ত দম্পতি শুক্রবার দুপুরের আহারের পর তাড়াইলে খালার বাড়িতে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। পরে নির্জন স্থানে পৌঁছার পর দুর্বৃত্তরা তাদের ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে লাশ উল্লেখিত স্থানে ফেলে রাখে।
করিমগঞ্জ থানার ওসি মমিনুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করে জানান, লাশ মর্গে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে হত্যাকাণ্ডের কোনো কারণ তাত্ক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।