নেপথ্যে ঘুষ দাবি
স্টাফ রিপোর্টার, রাজশাহী
ঘুষের টাকা না পেয়ে ছেলের সামনে বাবাকে পেটানো রাজশাহীর দুর্গাপুর থানার এএসআই হাফিজকে সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের নির্দেশে রাজশাহীর পুলিশ সুপারের কার্যালয় থেকে তাকে বরখাস্ত করা হয়। এর আগে এএসআই হাফিজকে রাজশাহী পুলিশ লাইনে ক্লোজ করা হয়।
স্ত্রীর দায়ের করা একটি অভিযোগের প্রেক্ষিতে গত ১০ জুন সন্ধ্যায় দুর্গাপুর উপজেলার চৌবাড়ীয়া গ্রামের আসাদুল ইসলামকে আটক করে দুর্গাপুর থানার এসআই হাফিজ। পরে আসাদুলকে ছেড়ে দিবে মর্মে অনন্তকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নিয়ে যাওয়া হয়। সেখানে আসাদুলের বাবা সাইদুল ইসলামের কাছে ২০ হাজার টাকা ঘুষ দাবি করেন এএসআই হাফিজ।
ঘুষের টাকা দিতে অপারগতা প্রকাশ করলে এএসআই হাফিজ বাঁশের লাঠি দিয়ে সাইদুল ইসলামের বাম পায়ে আঘাত করেন।
এ ঘটনায় গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে রাজশাহীর পুলিশ সুপারের নির্দেশে ঘটনার তদন্ত শুরু করেন পুঠিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ। তদন্তে ঘটনার সত্যতা পাওয়ায় এএসআই হাফিজকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়।