স্টাফ রিপোর্টার, রাজশাহী
রাজশাহীর মোহনপুরে চারদিন ধরে অবরুদ্ধ একটি সংখ্যালঘু পরিবার। স্থানীয় প্রভাবশালীরা অসহায় এ পরিবারের বাড়িতে আসা-যাওয়ার একমাত্র রাস্তাটি বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী অনিল চন্দ্র প্রাং ও স্ত্রী মায়া রানী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার বাকশিমইল গ্রামে পাকা বাড়ি নির্মাণ করে দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে স্থায়ীভাবে বসবাস করে আসছে পরিবারটি। গত ১৮ জুন সকালে ঐ গ্রামের ছবের আলীর নেতৃত্বে দেশি অস্ত্রে সজ্জিত হয়ে তাদের অকথ্য ভাষায় গালমন্দ করে আসা-যাওয়ার একমাত্র পথটি বন্ধ করে দেওয়া হয়। এছাড়া ছবের আলীর ছেলে মাসুদ রানা অজ্ঞাত ব্যক্তিদের নিয়ে মায়া রানীর বাড়ির প্রধান ফটক থেকে সরকারি রাস্তা পর্যন্ত জায়গাটি বাঁশ ও টিনের বেড়া দিয়ে ঘিরে ফেলে।
এতে মায়া রানীর পরিবার বাড়ি থেকে বের হতে না পেরে অনেকটাই অবরুদ্ধ হয়ে অনাহারে-অর্ধাহারে এখন দিন কাটাচ্ছে। পরিবারটির কলেজ ও স্কুলপড়ুয়া শিশু শিক্ষার্থীরা তাদের শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছে না। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হলেও কোনো সমাধান হয়নি।
মোহনপুর থানার ওসি মুস্তাক আহম্মেদ বলেন, বিষয়টি আমাকে জানানো হয়নি, তবে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানওয়ার হোসেন বলেন, অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।