ইবি ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটির জন্য জীবন বৃত্তান্ত আহ্বান

আংশিক কমিটি ঘোষণার অন্তত ৯ মাস পর পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ ছাত্রলীগ ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা। কমিটি পূর্ণাঙ্গ করার লক্ষ্যে পদপ্রত্যাশীদের কাছ থেকে জীবনবৃত্তান্ত আহ্বান করা হয়েছে। 

বুধবার (২৬ এপ্রিল) শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় জীবনবৃত্তান্ত আহ্বানের বিষয়টি নিশ্চিত করেছেন। 

এদিকে শাখা ছাত্রলীগের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২ মে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে আগ্রহী পদ প্রত্যাশীদের জীবনবৃত্তান্ত ও প্রয়োজনীয় কাগজপত্র সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর জমা দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। 

এছাড়া, জীবনবৃত্তান্তের সঙ্গে সকল শিক্ষা সনদের অনুলিপি, অধ্যয়নরত বিভাগের বিভাগীয় প্রধান কর্তৃক প্রত্যয়নপত্রের কপি, নিজ জেলা/উপজেলা আওয়ামীলীগ কর্তৃক প্রত্যয়নপত্রের কপি, ক্রীড়া/সামাজিক/সাংস্কৃতিক বা অন্য কোনো দক্ষতামূলক কর্মকাণ্ডের সনদ/স্বীকৃতির কপি ও ৪ টি পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে বলা হয়েছে। 

এ বিষয়ে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় বলেন, মেধা ও যোগ্যতা দিয়ে দীর্ঘদিন ধরে যারা দলের জন্য কাজ করেছে তাদের মধ্য থেকে অধিকতর যাচাই-বাছাই করে কর্মীদের মূল্যায়ন করা হবে। এখানে স্বজনপ্রীতির কোন সুযোগ নেই।

এ বিষয়ে শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, সংগঠনের গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে আগামী ২ মে জীবনবৃত্তান্ত আহ্বান করা হয়েছে। আগ্রহীরা জীবনবৃত্তান্ত জমা দিলে যাচাই-বাছাই শেষে মোট ১৫১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হবে। পূর্ণাঙ্গ কমিটিতে পদ পাওয়ার ক্ষেত্রে বঙ্গবন্ধুর আদর্শে যারা এতদিন বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে অবদান রেখেছে তাদেরকেই এগিয়ে রাখা হবে। এখানে মুখ দেখে পদ দেয়ার প্রশ্নই ওঠেনা।