খুলনায় নাশকতার পৃথক দুটি মামলায় বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল ও জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খানসহ ১৩ নেতা-কর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে খুলনার সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক মীর শফিকুল আলম এ আদেশ দেন। আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. মোমরেজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
আসামিরা হলেন বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, জেলা বিএনপির আহ্বায়ক আমীর এজাজ খান, শেখ ফরহাদ হোসেন, আবরার হোসাইন সৈকত, আব্দুর রব আকুঞ্জি, মো. জামিনুর রহমান, মোল্লা মশিউর রহমান, মো. শাহ নেওয়াজ শেখ, হিমেল গাজী, নবাব মোল্লা, সোহেল রানা, মিঠু খান ও সৈয়দ সাগর।
জানা যায়, গত ১১ ফেব্রুয়ারি রাতে ডুমুরিয়া থানার এসআই তারেক রাইয়ান বাদী হয়ে বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, জেলা বিএনপির আহ্বায়ক আমির এজাজ খান, উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্লা মফিজুর রহমানসহ ১৮ জনের নাম উল্লেখসহ ১৩০ নেতা-কর্মীর বিরুদ্ধে নাশকতা মামলা করেন। এই মামলায় খুলনার সিনিয়র দায়রা জজ আদালতে হাজির হয়ে তারা জামিনের আবেদন জানান। আদালতের বিচারক মীর শফিকুল আলম শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অপরদিকে দিঘলিয়া থানার আরও একটি নাশকতার মামলায় হিমেল গাজী, নবাব মোল্লা, সোহেল রানা, মিঠু খান ও সৈয়দ সাগরকে আসামি করে মামলা করা হয়। তাদেরকেও বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এদিকে নেতা-কর্মীদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোয় তীব্র নিন্দা জানিয়েছেন খুলনা মহানগর বিএনপির নেতৃবৃন্দ। বিবৃতিতে বিএনপি জানায়, আদালত সরকারের লেজুড়বৃত্তি করছে। জামিন লাভ করা একজন নাগরিকের অন্যতম মৌলিক অধিকার। আদালত এখন মানবাধিকার লঙ্ঘন করে সরকারের পাহারাদারে পরিণত হয়েছে।