সিগারেট ধরিয়ে বাথরুমে অতঃপর গ্যাস বিস্ফোরণে ইউপি চেয়ারম্যানের মৃত্যু

কুমিল্লা সদর দক্ষিণে মো. শাহজালাল (৫২) নামে এক ইউপি চেয়ারম্যান বাথরুমের গ্যাস বিস্ফোরণে দগ্ধ হয়ে মারা গেছেন। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে রোববার (২৩ এপ্রিল) বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের আইসিইউতে ভর্তি হন। সদর দক্ষিণ মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. বিল্লাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিহত মো. শাহজালালকে সদর দক্ষিণ উপজেলার পশ্চিম জোড়কানন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। 

মো. বিল্লাল হোসেন বলেন, ইউপি চেয়ারম্যান মো. শাহজালাল রোববার সিগারেট ধরিয়ে বাথরুমে যাওয়ার কয়েক মিনিটের মধ্যেই সেখানে বিস্ফোরণ ঘটে। এতে চেয়ারম্যানের শরীরে আগুন ধরে যায়। এতে তিনি গুরুতর দগ্ধ হন। তাকে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ময়নাতদন্ত শেষে বিকালে লাশ হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। তবে ঘটনার তদন্ত চলছে। এর আগে গত বছরের ২৮ নভেম্বর ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে শাহজালাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। 

সদর দক্ষিণ উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রায়হান আরেফিন বলেন, ওই চেয়ারম্যানের মৃত্যুতে আমরা শোকাহত। যেহেতু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদটি এখন শূন্য, তাই নিয়ম অনুযায়ী পশ্চিম জোড়কানন ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ৩ মাসের মধ্যে অনুষ্ঠিত হবে।