আদমজী বিহারি ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫

সিদ্ধিরগঞ্জের আদমজী বিহারী ক্যাম্পে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ১৫ জন আহত হয়েছে। গতকাল শুক্রবার বিকালে সিদ্ধিরগঞ্জের আদমজী বিহারী ক্যাম্পে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেছে। আহতদের নারায়ণগঞ্জ খানপুর হাসপাতালে চিকিত্সা দেওয়া হয়েছে। সন্ধ্যায় উভয় পক্ষই থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেছে।

জানা যায়, সিদ্ধিরগঞ্জের আদমজী বিহারী ক্যাম্পে জুম্মা নামাজের পুর্বে নাটকি নানী নামক বৃদ্ধার সাথে শাকিলের দুষ্টুমির ঘটনায় ভোলা মেম্বার ক্ষিপ্ত হয়ে লোকজন নিয়ে মসজিদে এসে শাকিলকে অকথ্য ভাষায় গালাগালি করে। পরে নামাজ শেষে ভোলা তার লোকজন নিয়ে শাকিলকে মারধর শুরু করে। খবর পেয়ে শাকিলের পরিবারের লোকজন ঘটনাস্থলে আসলে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে লাঠিসোঠা ও দেশিয় ধারালো অস্ত্রের আঘাতে উভয় পক্ষের ১৫ জন আহত হয়। আহতরা হলো, বিহারী ক্যাম্পের আব্দুল কাইয়ুমের ছেলে শাকিল, ওয়াসিম, সহিদের ছেলে সাব্বির, জাহাঙ্গীরের ছেলে হূদয়, আউয়ালের ছেলে মিলন ওয়াহিদের স্ত্রী  বেবি বেগম এবং অপর পক্ষের মৃত মোঃ দ্বীনের ছেলে ভোলা মেম্বার, তার স্ত্রী আনোয়ারা, ছেলে ঝিনুক, সানোয়ার, তার ভাগিনা রিয়ান ও মোঃ আলীর ছেলে শাওন। এ ঘটনায় উভয় পক্ষই রাতে সিদ্ধিরগঞ্জ থানায় পাল্টাপাল্টি মামলা দায়ের করেছে।  সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক এসআই ফরিদ উদ্দিন জানায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। উভয় পক্ষই থানায় অভিযোগ দায়ের করেছে। তদন্ত সাপেক্ষ দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।