মিরসরাই ট্র্যাজেডির পিকআপ চালক মফিজুর মারা গেছেন

চট্টগ্রামের মিরসরাই ট্র্যাজেডির মূল হোতা পিকআপ চালক মফিজুর রহমান মারা গেছেন। শুক্রবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার ১৩নং মায়ানী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

বেশ কয়েক বছর ধরে তিনি শারিরীকভাবে বিভিন্ন রোগ আক্রান্ত ছিলেন।

স্থানীয় ১৩নাম্বর মায়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির আহাম্মদ নিজামী বলেন, শুক্রবার জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

২০১১ সালে ১১ জুলাই চট্টগ্রামের মিরসরাই উপজেলা স্টেডিয়ামে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের খেলা দেখে বাড়ি ফেরার পথে সৈদালী এলাকায় শিক্ষার্থীদের বহনকারী একটি পিকআপ সড়কের পাশে ডোবায় উল্টে যায়। এসময় ৪৪ জন শিক্ষার্থী এবং একজন অভিভাবকসহ মোট ৪৫ জন নিহত হয়। পিকআপটির চালক ছিলেন মফিজুর রহমান।

মিরসরাই ঘটনায় নিহত শিক্ষার্থীদের স্মরণে স্মৃতিসৌধ। ছবি: সংগৃহীত

এ ঘটনায় দীর্ঘ পাঁচ বছর কারাভোগের পর ২০১৫ সালের ২৮ জুলাই তিনি মুক্তি পান। কারামুক্তির পর কিছুদিন সামাজিক কারণে আত্মগোপনে ছিলেন। সবশেষ ২০২১ সালের ১১ জুলাই তার সঙ্গে কথা হয়। সে সময় তিনি জানিয়েছিলেন মিরসরাই ট্র্যাজেডির পর আর কখনো গাড়ির স্টিয়ারিং ধরেননি। রোগ শোকে ভুগে প্রবাসে থাকা দুই ছেলের পাঠানো টাকায় তিনি চলতেন।