ফের বাবা হচ্ছেন অর্জুন রামপাল, বেবিবাম্পের ছবি পোস্ট করলেন গ্যাব্রিয়েলা

ফের মা হতে চলেছেন অর্জুন রামপালের বান্ধবী গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেস! শনিবারই বেবিবাম্পের ফটোশ্যুটের ছবি পোস্ট করেছেন গ্যাব্রিয়েলা। আর তারপরই তার ফের মা হতে চলার খবর ছড়িয়ে পড়ে। ফটোশ্যুটে বাদামী রঙের গাউনে ধরা দিয়েছেন গ্যাব্রিয়েলা। হাত রেখেছেন বেবি বাম্পে। এপর্যন্ত তো ঠিকই ছিল, তবে তার ক্যাপশান ঘিরে কিছুটা সংশয়ে নেট পাড়ার বাসিন্দারা।

পোস্ট করা ছবিতে গ্যাব্রিয়েলাকে একটি ফ্লোই গাউন পরা অবস্থায় দেখা যায়। সেখানেই তার বেবি বাম্প প্রকাশ্যে আসে। ক্যাপশনে লিখেছেন, ‘বাস্তবতা নাকি এআই?’ তার এই পোস্টে শুভকামনা জানিয়েছেন কাজল আগরওয়াল, মালাইকা অরোরা, মৌনি রায়, অ্যামি জ্যাকসনের মতো ইন্ডাস্ট্রির অনেকেই। পোস্টের প্রতিক্রিয়ায় অর্জুন রামপাল হার্ট ইমোজি এবং একটি দুষ্টু চোখের ইমোজি দিয়েছেন।

অ্যামি জ্যাকসন আনন্দ প্রকাশ করে লেখেন, ‘ওহ আমার প্রেমিকা! আপনি এবং আপনার সুন্দর পরিবারের জন্য অনেক খুশি।’ অভিনেত্রী কাজল আগরওয়াল ও মৌনি রায় লেখেন, ‘অভিনন্দন’। তাদের পাশাপাশি অভিনেত্রী দিব্যা দত্ত, প্রাক্তন অভিনেত্রী অমৃতা অরোরাও শুভেচ্ছা জানিয়েছেন হবু মাকে।

প্রসঙ্গত, প্রাক্তন স্ত্রী মেহের জেসিয়ার সঙ্গে বিচ্ছেদের পর গত প্রায় পাঁচ বছর আগে গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়েডসের সঙ্গে সম্পর্কের কথা ঘোষণা করেন অর্জুন রামপাল। অর্জুন ও জেসিয়ার ঘরে আছে দুই মেয়ে; মাহিকা রামপাল ও ময়রা রামপাল।