শহীদ নূতন চন্দ্র সিংহের ১১৮তম জন্মবার্ষিকী পালিত

আলোচনা সভা, সংগীতানুষ্ঠান, নৃত্য পরিবেশনার মধ্য শহীদ নূতন চন্দ্র সিংহের ১১৮তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। পহেলা ডিসেম্বর, শনিবার বিকালে নিজ জন্মস্থান রাউজান উপজেলার পৌর এলাকার কুন্ডেশ্বরী বালিকা বিদ্যামন্দির প্রাঙ্গণে শহীদ নূতন সিংহ স্মৃতি সংসদের উদ্যোগে এই জন্মোৎসব পালিত হয়। কুন্ডেশ্বরী বালিকা মহাবিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় 'জয়তু নূতন' নামে উদ্বোধনী সংগীতের মধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

শহীদ নূতন সিংহ স্মৃতি সংসদের সভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের অধ্যাপক ড. শংকর লাল সাহার সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন একুশে পদক প্রাপ্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রফেসর ড. মইনুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনটির সম্পাদক অধ্যক্ষ সজল চৌধুরী। ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন শহীদ নূতন চন্দ্র সিংহের পুত্র প্রফুল্ল রঞ্জন সিংহ।

অধ্যাপক পূরবী দাশগুপ্ত দাশ ও অধ্যাপক ইফরাত জাহান ইফুর যৌথ সঞ্চালনায় অালোচনায় অংশ নেন বাংলাদেশ জ্যোতিষ গবেষণা উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ড. মাধব আচার্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মরিয়ম ইসলাম, অধ্যাপক মুজিব রাহমান, অধ্যাপক ড. ইন্দ্রজিৎ কুণ্ডু, প্রফেসর বেনু কুমার দে, শ্রীপাদ চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী প্রমুখ।

উল্লেখ্য, ১৯০০সালের ১ ডিসেম্বর তিনি রাউজান উপজেলার গুজরা গ্রামে মামার বাড়িতে জন্মগ্রহণ করেন।  ১৯৭১ সালের ১৩ এপ্রিল সকাল ১০টায় নিজ বাড়িতে মাতৃমন্দিরের সামনে প্রার্থনারত অবস্থায় পাকহানাদার বাহিনী কর্তৃক নির্মমভাবে শহীদ হন।

ইত্তেফাক/নূহু