ধর্ষণ মামলায় টাঙ্গাইলের আওয়ামী লীগ নেতা বড় মনিরের জামিন স্থগিত

ধর্ষণ মামলায় টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সহসভাপতি গোলাম কিবরিয়া বড় মনির ও তার স্ত্রী নিগার আফতাবকে হাইকোর্টের দেওয়া আগাম জামিন স্থগিত করেছে আপিল বিভাগের চেম্বার আদালত। একই সঙ্গে দুই সপ্তাহের মধ্যে বড় মনিরকে ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল রবিবার আপিল বিভাগের চেম্বার আদালতের বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী ও আসামি পক্ষে আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন শুনানি করেন।

গত ১৮ এপ্রিল বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ বড় মনির ও তার স্ত্রীকে চার সপ্তাহের আগাম জামিন দেন। এই জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ। আবেদনে বলা হয়, ধর্ষণের মতো গুরুতর অপরাধের মামলায় আসামিকে আগাম জামিন দেওয়ার সুযোগ নাই। এমনকি এ ধরনের মামলায় আগাম জামিন না দিতে আপিল বিভাগের নির্দেশনা রয়েছে। কিন্তু এর পরেও হাইকোর্ট আসামিকে জামিন দিয়েছেন। এই জামিন স্থগিতের আবেদন করছি। শুনানি শেষে আপিল বিভাগ আসামিকে দেওয়া হাইকোর্টের আগাম জামিন স্থগিত করে দেন।

উল্লেখ্য, বড় মনির টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনিরের ভাই ও জেলা বাস মিনিবাস মালিক সমিতির মহাসচিব। গত ৫ এপ্রিল রাতে এক কিশোরী বাদী হয়ে গোলাম কিবরিয়া বড় মনির নামে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন। মামলায় বলা হয়, ধর্ষণের ফলে ঐ কিশোরী (১৭) এখন অন্তঃসত্ত্বা। মামলায় গোলাম কিবরিয়া বড় মনির পাশাপাশি তার স্ত্রী নিগার আফতাবকেও আসামি করা হয়।